আজকাল ওয়েবডেস্ক:ভয়াবহ দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। পিছন থেকে আসা মালগাড়ির সজোরে ধাক্কায় লাইনচ্যুত ট্রেনের ২টি কামরা। রেল সূত্রে খবর, দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছেন মালগাড়ির চালক। তাঁর দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। দুর্ঘটনায় ইতিমধ্যেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, ‘দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। আমি স্তম্ভিত। বিস্তারিত তথ্য এখনও জানতে পারিনি’।
?ref_src=twsrc%5Etfw">June 17, 2024

ঘটনায় শোকপ্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই দিল্লিতে কন্ট্রোলরুম থেকে পরিস্থিতির দিকে নজর রাখছেন তিনি। ঘটনাস্থলের দিকেও রওনা দেবেন রেলমন্ত্রী। শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লিখেছেন, ‘দার্জিলিঙে ট্রেন দুর্ঘটনার খবরে আমি শোকাহত। দুর্ঘটনাগ্রস্তদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাই। আহতরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন’।