ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। বিকেলের দিকে মেঘ জমলে বা দু-এক পশলা বৃষ্টি হলেও গরম কমছে কোথায়? এই একটা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। তবে এই গরমে আলিপুর আবহাওয়া দপ্তর খুব একটা স্বস্তির খবর দিতে পারল না। জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে তার মাঝেই স্বস্তি দিতে ধেয়ে আসবে কয়েক পশলা বৃষ্টিও।
2
6
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পূর্ব বিহারের ওপর প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গে প্রবেশ করছে। এর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির প্রবণতা অনেকটাই বাড়বে। তবে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির খবর এটাই যে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা ধীরে ধীরে আরও এগিয়ে আসার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যে দক্ষিণ ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশে মৌসুমি বায়ু অগ্রসর হতে পারে।
3
6
আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টিও হতে পারে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিকেল বা সন্ধ্যার দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। মহানগরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।
4
6
আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। অন্যদিকে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় তাপমাত্রা থাকবে ৩৬ থেকে ৩৭ ডিগ্রির কাছাকাছি। তাপমাত্রা বাড়লেও আগামী দু-দিন কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
5
6
দক্ষিণবঙ্গের ঠিক উল্টো ছবি দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক অনেক বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও, আগামী ২০ তারিখ থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। এরপর ২১ থেকে ২৩ তারিখের মধ্যে উত্তরের জেলাগুলোতে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
6
6
প্রসঙ্গত, গত রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেড়ে দাঁড়ায় ২৮.৪ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ থাকায় দিনভর চরম অস্বস্তিকর পরিস্থিতি বজায় ছিল।