আজকাল ওয়েবডেস্ক : গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর নির্মম বর্বরতার বিরুদ্ধে আবারও প্রতিবাদ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, গাজার হিংস্রতায় হতাহত শিশু-মহিলা ও সাধারন লোকজনকে দেখেও যাদের প্রাণ কেঁদে না ওঠে, তাদের হৃদয় পাথরের তৈরি। শুক্রবার মস্কোতে এক উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে তিনি একথা বলেন। পুতিন আরও বলেন, একটি স্ফুলিঙ্গ কিংবা গোলা নিক্ষেপ করা সহজ, খুবই সহজ; কিন্তু তারপর যে পরিস্থিতির সৃষ্টি হয়। আপনি যদি স্বাভাবিক মানুষ হন, তাহলে যখন হামলায় রক্তাক্ত শিশুদের যন্ত্রণা আপনি নিজের চোখে দেখবেন, সেসময় আপনার হাতের মুঠো শক্ত হবে এবং চোখ জলে ভরে উঠবে। সাধারণ লোকজনের ক্ষেত্রে এমনটাই ঘটে থাকে। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় ভয়াবহ দৃশ্য দেখার পরও যারা স্বাভাবিক রয়েছে, কোনও প্রতিক্রিয়া দেখাচ্ছে না- তারা দেখতে মানুষের মতো হলেও আসলে তাদের হৃদয় নেই; কিংবা যদি থেকেও থাকে- তাহলেও সেই হৃদয় রক্ত-মাংস দিয়ে নয়, পাথরে তৈরি।’