আজকাল ওয়েবডেস্ক: অনুশীলন করতে করতে এভাবে যে বেঘোরে প্রাণ হারাতে হবে ইয়াস্তিকা আচার্যকে তা কে জানত! 

১৭ বছরের ইয়াস্তিকা জাতীয় গেমসে সোনা জয়ী পাওয়ার লিফ্টার। দেশের ক্রীড়াক্ষেত্রে যথেষ্ট সাড়া জাগানো নাম। অনুশীলন চলাকালীন তাঁর ঘাড়েই পড়ল ২৭০ কেজি ওজনের রড। সেই রডের চাপে প্রতিশ্রুতিমান অ্যাথলিট প্রয়াত হলেন। এমন করুণ পরিণতি স্মরণকালের মধ্যে শোনা যায়নি দেশের ক্রীড়াক্ষেত্রে। 

রাজস্থানের বিকানেরের ঘটনা। কিন্তু তার আকস্মিকতা নাড়িয়ে দিয়েছে দেশের ক্রীড়ামহলকে। বুধবার জিমে ওজন তোলা অনুশীলন করছিলেন এই পাওয়ার লিফ্টার। ওজন তোলার সময়েই ২৭০ কেজি ওজনের এক রড তাঁর ঘাড়ের উপরে এসে পড়ে। ওজনের চাপে তাঁর ঘাড় ভেঙে যায়। পাওয়ার লিফ্টারদের সঙ্গে থাকেন তাঁদের ট্রেনার। সেই সময় ইয়াস্তিকার সঙ্গে ছিলেন তাঁর ট্রেনারও। তিনিও চোট পান। তাঁর চোট অবশ্য ততটা গুরুতর নয়। ইয়াস্তিকাকে জিম থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন, তিনি মৃত।

ইয়াস্তিকার পরিবারের তরফ থেকে অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি বলেই জানা গিয়েছে। ময়নাতদন্তের পরে ইয়াস্তিকার দেহ তুলে দেওয়া হয়েছে তাঁর পরিবারের হাতে। 

এই ১৭ বছর বয়সেই তিনি সোনা জিতে নজর কেড়েছিলেন। অনেক দূর পৌঁছতেই পারতেন। দেশের মুখ আরও উজ্জ্বল করতে পারতেন।  কিন্তু মৃত্যু কেড়ে নিয়ে গেল এক প্রতিভাময়ী মহিলা অ্যাথলিটের জীবন। শোকস্তব্ধ দেশের ক্রীড়ামহল। দুঃখপ্রকাশ ছাড়া আর কীইবা করার আছে!