আজকাল ওয়েবডেস্ক: মোহনবাগানের হটসিটে পানাজিওটিস দিলেমপেরিস। নতুন ক্লাবের দায়িত্ব নিয়েই গ্রিক কোচ ফোন করলেন তাঁর দলের প্রাণভোমরাকে। তাঁর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা সেরে নিলেন। নতুন মরশুমে গ্রিক কোচের হাতের তাস হতে পারেন তিনিই।
এত পর্যন্ত পড়ার পরে অনেকেই কৌতূহলী হতে পারেন, কে তিনি? তিনি আর কেউ নন। তিনি মিগুয়েল। গত মরশুমে ইস্টবেঙ্গলের আইএসএল জয়ের অন্যতম কাণ্ডারী ব্রাজিলিয়ান শিল্পী ফুটবলার। ইস্টবেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করে মিগুয়েল ঠিকানা বদলান। তাঁর পিঠে এবার সবুজ-মেরুন জার্সি। সেই মিগুয়েলের সঙ্গে তাই আগেই ফোন করে কথা বলে নিলেন প্যানাজিওটিস।
মোহনবাগানের হটসিটে শুরুতেই প্যানাজিওটিসের সামনে অগ্নিপরীক্ষা। কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে তাঁর মোহনবাগান পর্ব।
ভারতীয় ফুটবলে কোচিং করানোর সুবাদে কলকাতা ডার্বির আবহ সম্পর্কে ধারণা রয়েছে প্যানাজিওিসের। মোহনবাগানের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই এই ঐতিহাসিক লড়াইয়ে নামতে হবে, এটা নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ গ্রিক কোচের।
এই প্রসঙ্গে মোহনবাগানের নব্য কোচ বলেন, ''ফুটবল দাঁড়িয়েই আছে চিরপ্রতিদ্বন্দ্বিতার ওপর। আর ভারতে আসার পরই জেনে গিয়েছি কলকাতা ডার্বি বিশ্বফুটবলের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে ঐতিহাসিক ম্যাচগুলোর একটা। সমর্থক, ফুটবলার এবং ক্লাবের সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে এর গুরুত্ব কতটা, আমি জানি। এই ধরনের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করার সেরা উপায় কেবল আবেগ নয়, বরং চমৎকার প্রস্তুতি, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা। আমরা প্রতিপক্ষকে সম্মান করব। তবে একই সঙ্গে মোহনবাগানের ঐতিহ্যের সঙ্গে মানানসই সাহসিকতা নিয়ে এই ডার্বি জিততেও চাইব।''















