আজকাল ওয়েবডেস্ক: মাছ মাংসে অরুচি? স্বাদ বদলাতে পাতে রাখুন কাঁকড়ার ঝাল। ভারতীয় মসলা আর নারকেলকোড়া দিয়ে তৈরি এই পথ আপনার মন ভাল করবে নিমেষে।
তৈরি করতে লাগবে বড় মাপের কাঁকড়া। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিতে হবে। কড়াইতে সরষের তেল দিয়ে গোটা জিরে , এলাচ, লঙ্কা ফোড়ন দিন। গন্ধ বেরোলে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। এবার থেঁতো করে রাখা রসুন আদা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। মশলাটি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিন। কড়াইতে আরও একটু তেল দিয়ে কুড়িয়ে রাখা নারকেল একটু তেলে নাড়াচাড়া করে নিন। এটাও ঠান্ডা করে পেস্ট করে নিন। এবার কড়াইতে ১ চামচ তেল দিয়ে সমস্ত পেস্ট করা মসলা ভালো করে কষিয়ে তাতে একে একে হলুদ গুঁড়ো , শুকনো লঙ্কা গুঁড়ো, নুন জিরে, ধনে, দিয়ে ভাল করে কষান। মসলা ভাজা হয়ে এলে স্লাইস করে রাখার টমেটো দিন। ৪-৫ মিনিট কষানোর পর দিয়ে দিন কাঁকড়া। ‌ নিভু আছে ভাল করে কষাতে থাকুন। তেল ছেড়ে এলে এক কাপ গরম জল দিন। ঢাকা দিয়ে কাকড়া সেদ্ধ হতে দিন। রান্না হয়ে এলে উপর থেকে ছড়িয়ে দিন ধনেপাতা কুচি ও গুঁড়ো গরম মসলা। ‌ গরম ভাত দিয়ে এই পদ একেবারে জমজমাট।