দুই বাংলার নায়ক ও প্রযোজক হিসেবে আগেই সাফল্য পেয়েছেন সুপারস্টার শাকিব খান। এবার নতুন পরিচয়, তিনি সৌন্দর্যের দুনিয়ার ব্যবসায়ী। তিনি কর্পোরেট জগতে ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করলেন। একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হলেন, যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউম-সহ নানান পণ্য পাওয়া যাবে। শুধু বাংলাদেশ নয়, শাকিব খানের এই সংস্থার পণ্য পাওয়া যাবে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, ইউরোপ-সহ বিশ্বের বিভিন্ন দেশে। এই উপলক্ষে শনিবার বাংলাদেশের সময় অনুযায়ী বেলা ১১টায় ঢাকার একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে নায়কের নবযাত্রার ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে এই প্রতিষ্ঠানটির অন্য কর্তাব্যক্তিরাও ছিলেন উপস্থিত।

সংস্থার নব্য পরিচালক শাকিব খান বলেন, ‘‘নকল ও ভেজাল পণ্যে দেশের ছেয়ে গিয়েছে। মানুষকে এই সমস্যা থেকে মুক্তি দিতে অথেনটিক কসমেটিকস প্রোডাক্ট নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা জানি, ত্বক আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তার যত্ন নিতে আমরা বিভিন্ন সময় নানা ধরনের ক্রিম ব্যবহার করি। সেই উপকরণ ভেজাল হলে তা আমাদের জন্য হয়ে ভীষণই ক্ষতিকর।’’ শাকিব আরও জানান, এই বৃহৎ ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের হাজারো মানুষের কর্মসংস্থান হবে। বাংলাদেশে প্রাকৃতিক উপাদান, উপকরণের অভাব নেই। তাকে কাজে লাগিয়ে সংস্থা আগামীতে রূপচর্চার দুনিয়ায় নতুন দিগন্ত খুলে দিতে চলেছে।