বলিউডের প্রবীণ অভিনেতা অন্নু কাপুর তাঁর ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে শুটিং সেটের এক অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন তিনি। অন্তরঙ্গ, ঘনিষ্ঠদৃশ্যের শুটিং চলাকালীন সহ-অভিনেতাদের ‘নিয়ন্ত্রণ হারানোর’ মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন এই অভিনেতা, যা নিয়ে আগেও ইন্ডাস্ট্রিতে বহু চর্চা হয়েছে।


সিনেমার পর্দায় রোমান্টিক বা অন্তরঙ্গ দৃশ্য যতটা মসৃণ মনে হয়, সেটের বাস্তবতা অনেক সময়ই তার উল্টো। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের ইউটিউব শো-তে এসে অন্নু কাপুর দাবি করেছেন, অনেক সময় অভিনেতারা অন্তরঙ্গ দৃশ্যের শুটিং চলাকালীন নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এমনকি পরিচালক ‘কাট’ বলার পরেও তাঁরা দৃশ্য চালিয়ে যান।

 

 

অন্নু কাপুর একটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করে বলেন, “আমি দেখেছি অনেক অভিনেতা এই পরিস্থিতির সুযোগ নেন। একবার এক নায়ক অন্তরঙ্গ দৃশ্যের সময় এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলেন যে, পরিচালক ‘কাট’ বলার পরেও তিনি থামেননি। ওই অভিনেত্রীকে রীতিমতো ধস্তাধস্তি করে তাঁর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যেতে হয়েছিল। মেয়েটি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে, পরের দু’দিন তিনি তাঁর ঘর থেকে বেরোননি।” যদিও অন্নু কারও নাম প্রকাশ করেননি, তবে তিনি দাবি করেছেন যে ওই অভিনেত্রী এই সাক্ষাৎকার দেখলে অবশ্যই তাঁর কথার সত্যতা স্বীকার করবেন।


অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তাঁর পুরনো তিক্ততার প্রসঙ্গটিও উঠে আসে। ‘সাত খুন মাফ’ সিনেমার সময় প্রিয়াঙ্কা অন্নু কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য করতে আপত্তি জানিয়েছিলেন। এ নিয়ে অন্নু বলেন, “আমি যদি ওই ছবির নায়ক হতাম, তবে হয়তো ওঁর কোনও আপত্তি থাকত না। যেহেতু আমার কোনও গ্ল্যামারাস ব্যক্তিত্ব বা লুকস নেই, তাই হয়তো ওঁর সমস্যা ছিল। এই বিষয়ে কথা বলায় উনি আমার ওপর খুব রেগে গিয়েছিলেন।”


নিজের কাজের ধরণ সম্পর্কে অন্নু জানান, তিনি সবসময় এই ধরনের দৃশ্যে পেশাদারিত্ব বজায় রাখেন। যদি কোনও সহ-অভিনেত্রী অস্বস্তি বোধ করেন, তিনি কেবল তাঁর কাছে জানতে চান যে তিনি ঠিক আছেন কি না। এর বাইরে তিনি কোনও কথা বলা পছন্দ করেন না যাতে অভিনেত্রীর অস্বস্তি আরও বেড়ে যায়।

অন্নু কাপুরকে শেষবার দেখা গেছে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ার্সির ব্লকবাস্টার ছবি ‘জলি এলএলবি ৩’-তে, যা গত বছরের সেপ্টেম্বরে মুক্তি পেয়ে বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই তিনি পঙ্কজ ত্রিপাঠি  ও সৌরভ শুক্লার সঙ্গে প্রিয়দর্শনের একটি কমেডি ড্রামায় স্ক্রিন শেয়ার করবেন।