চলছে রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। সকাল সাতটা থেকে কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এরইমধ্যে বিভিন্ন জায়গায় ইভিএম খারাপ হওয়ার অভিযোগ সামনে এসেছে। ইভিএম বিকল হওয়ায় আপাতত ভোট দিতে পারলেন না চিরঞ্জিত চক্রবর্তী।
এদিন রাসবিহারী কেন্দ্রে ১৭০ নম্বর বুথ চারুচন্দ্র কলেজে সস্ত্রীক ভোট দিতে যান চিরঞ্জিত। সেখানেই বেশ খানিকক্ষণ ইভিএম খারাপ হয়ে যায়। অপেক্ষা করে শেষ পর্যন্ত বুথ থেকে বেরিয়ে যান অভিনেতা। তিনি আবার ভোট দিতে আসবেন বলে জানিয়েছেন।

এদিন চিরঞ্জিত বলেন, "যান্ত্রিক গোলযোগ হয়েছে। আমি আবার ঘুরে আসবো। দায়িত্ব আমার, ভোট দিতেই হবে। আমার প্রযুক্তির বিষয়ে ধারণা রয়েছে। প্রত্যেকবার বারাসাত চলে যেতাম। এবার সময় আছে, আবার আসবো।"
প্রসঙ্গত, এদিন একাধিক বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএম খারাপ হওয়ায় এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও ভোটগ্রহণ শুরু হয়নি, এমন অভিযোগ সামনে এসেছে। সাতটা থেকে ভোটগ্রহণ শুরু করার কথা থাকলেও, সকাল সাড়ে আটটাতেও ভোট দিতে পারেননি ভোটাররা। আবার কোথাও মাঝপথেই আটকে গিয়েছে ভোটদান পর্ব।
বালি বিধানসভা কেন্দ্রে ডন বসকো লিলুয়া সহনলাল বিদ্যালয় ইভিএম মেশিন খারাপ হওয়ার জন্য ভোটাররা উত্তেজিত হয়ে ওঠে। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। এই ঘটনায় দু'জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত রয়েছে।
অন্যদিকে, দক্ষিণ কলকাতার যাদবপুরে ১১০ নম্বর ওয়ার্ডের ৩২৩ বুথে সকাল থেকে এভিএম খারাপ হওয়ার অভিযোগ জানিয়েছেন স্থানীয় ভোটাররা। সোনারপুর উত্তরে বনহুগলি ১-তেও একটি বুথে এভিএম বিকল বলে অভিযোগ উঠেছে।















