আজকাল ওয়েবডেস্ক: ভাল আছেন মায়াঙ্ক আগরওয়াল। আগরতলার হাসপাতাল থেকে নিজের হেলথ আপডেট দিলেন কর্ণাটকের অধিনায়ক। জানান, আগের থেকে অনেক সুস্থ বোধ করছেন তিনি। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি পোস্ট করেন। নিজের ইনস্টাগ্রামে মায়াঙ্ক লেখেন, "আমি আগের থেকে সুস্থ। ফেরার অপেক্ষায়। আপনাদের প্রার্থনা, ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।" মঙ্গলবার রাতে দিল্লি যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন মায়াঙ্ক। জল ভেবে একটি জলীয় পদার্থ পান করে ফেলেন তিনি। গলায় সমস্যা হওয়ায় তাঁকে তৎক্ষণাৎ বিমান থেকে নামিয়ে ত্রিপুরার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের বিবৃতিতে জানানো হয়, মায়াঙ্কের অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে টানা পর্যবেক্ষণ করা হচ্ছে। ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে আগরতলায় ছিলেন মায়াঙ্ক। ২ ফেব্রুয়ারি থেকে সুরাটে রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ কর্ণাটকের। সেই ম্যাচে নেই মায়াঙ্ক। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। ঠোঁট ফুলে যাওয়ায় এবং আলসারের জন্য ৪৮ ঘণ্টা কথা বলতে পারবেন না তিনি। এমনই জানান দলের ম্যানেজার রমেশ।
Mayank Agarwal: ভাল আছেন মায়াঙ্ক, আগরতলার হাসপাতালে শুয়ে ছবি পোস্ট
















