আজকাল ওয়েবডেস্ক: শনিবার ফিটনেস টেস্ট দিতে বিসিসিআইয়ের বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে হাজির হলেন রোহিত শর্মা। একটি রিপোর্ট অনুযায়ী ভারতের একদিনের ক্রিকেটের অধিনায়কের পাশাপাশি এই ফিটনেস টেস্ট দেবেন শুভমন গিল, যশপ্রীত বুমরা, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়েসওয়াল, মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর। হাড়ের ঘনত্ব টেস্ট করার জন্য ডেক্সা স্ক্যান করা হবে। এছাড়াও হবে ব্লাড টেস্ট। তবে রোহিত যোগ দিলেও বিরাট কোহলির দেখা নেই। তিনি কবে যোগ দেবেন সেই খবরও নেই কারোর কাছে। 

বোর্ডের এক কর্তা বলেন, 'সব প্লেয়ারকেই প্রাক মরশুম ফিটনেস পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। চুক্তি অনুযায়ী এটা বাধ্যতামূলক। এই টেস্ট সিওইকে প্লেয়ারদের ঘাটতি বুঝতে সাহায্য করবে। মাঝে লম্বা বিরতি থাকায়, বাড়িতে করার জন্য প্লেয়ারদের এক্সারসাইজ দিয়ে দেওয়া হয়েছিল।' টি-২০ এবং টেস্ট থেকে অবসর নেওয়ায় রোহিত এবং কোহলির একদিনের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে চর্চা চলছে। দু'বছর পর একদিনের ক্রিকেটের বিশ্বকাপ। দুই মহাতারকাই বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করে। কিন্তু তাঁদের ভবিষ্যত ঘিরে প্রশ্নচিহ্ন রয়েছে। 

কোহলি অধিনায়ক থাকাকালীন ইয়ো ইয়ো টেস্ট চালু হয়। সম্প্রতি ব্রঙ্কো টেস্ট চালু করতে চলেছে বোর্ড। ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি মনে করেন, এই টেস্ট চালু হলে সমস্যায় পড়বেন রোহিত শর্মা। দাবি, বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকা মুশকিল হবে তাঁর। মনোজ বলেন, 'আমার মনে হয় ২০২৭ বিশ্বকাপ থেকে বিরাট কোহলিকে দূরে রাখা কঠিন হবে। তবে রোহিত শর্মাকে ততদিন পর্যন্ত রাখা হবে কিনা সেই নিয়ে আমার সন্দেহ আছে। কারণ ভারতীয় ক্রিকেটে কী হচ্ছে আমি বুঝতে পারছি। আমার মনে হয় ব্রঙ্কো টেস্ট এমন প্লেয়ারদের জন্য যারা ভবিষ্যতে বেশিদিন দলের অঙ্গ থাকবে না। সেই জন্যই কয়েকদিন আগে এই টেস্ট আনা হয়েছে। ভারতীয় ক্রিকেটে ব্রঙ্কো টেস্ট সবচেয়ে কঠিন ফিটনেস টেস্ট। প্রশ্ন হল, এখনই কেন এটা করা হল? কেন হেড কোচ দায়িত্ব নেওয়ার পর প্রথম সিরিজ থেকে নয়? এটা কার মস্তিষ্কপ্রসূত? কয়েকদিন আগে হঠাৎ করে ব্রঙ্কো টেস্ট চালু করার কারণ কী? এগুলোর উত্তর আমার কাছে নেই। তবে আমার মনে হচ্ছে, বিষয়টা রোহিতের জন্য কঠিন হতে পারে। ওকে নিজের ফিটনেসে নজর দিতে হবে। আমার মনে হয় ব্রঙ্কো টেস্টেই ও আটকে যাবে।' প্রাক্তন ভারতীয় তারকার ধারণা, রোহিতকে বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।