আজকাল ওয়েবডেস্ক: সৌদি প্রো লিগে ফের শিরোনামে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসের ২-০ গোলে হারাল আল আহলিকে। ম্যাচ পরবর্তী ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। 

ম্যাচে নিজের কেরিয়ারের ৯৭০-তম গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনাল্ডো। 

এই জয়ের ফলে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের থেকে আট পয়েন্ট এগিয়ে গেল আল নাসের।

খেলার শেষে কথা বলার সময়ে আল আহলির সমর্থকরা রোনাল্ডো ও তাঁর ক্লাবকে বড় ট্রফি না জেতার জন্য কটাক্ষ করতে থাকেন। 

সম্প্রতি আল আহলি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট জিতে নিজেদের অবস্থান শক্ত করেছে। নিজেদের প্রমাণও করেছে। অন্যদিকে আল নাসের এখনও রোনাল্ডোর আগমনের পর কোনও বড় খেতাব জিততে পারেনি।

তবে সমর্থকদের বিদ্রুপের জবাব দিতে দেরি করেননি রোনাল্ডো। 

তিনি পাঁচ আঙুল দেখিয়ে ‘পাঁচটি ইউসিএল’ বলে চিৎকার করেন। এতে তিনি নিজের চ্যাম্পিয়ন্স লিগে জেতা পাঁচটি শিরোপার কথাই বুঝিয়েছেন। 

 রোনাল্ডো রিয়াল মাদ্রিদের হয়ে চারবার এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে একবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।

এই ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। রোনাল্ডোর পক্ষ নিয়ে আল আহলির সমর্থকদের সমালোচনা করেন কেউ, আবার কেউ এই আচরণকে অপ্রয়োজনীয় উস্কানি বলে মনে করেন।

এদিকে ম্যাচের উত্তেজনা আরও বাড়িয়ে দেন আল আহলির ডিফেন্ডার মেরিহ ডেমিরাল। তিনি অভিযোগ করেন, আল নাসের নাকি রেফারির সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। 

ম্যাচে কিংসলে কোমানের একটি কঠিন ট্যাকলে শুধুমাত্র হলুদ কার্ড দেখানো নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। 

এর জেরে মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়।

ম্যাচের আগে ডেমিরাল তাঁর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মেডেলটি স্টেডিয়ামে আনেন। পরে তিনি সোশাল মিডিয়াতেও তা পোস্ট করেন।  

অন্যদিকে, রোনাল্ডোকে   ইংলিশ স্ট্রাইকার ইভান টনির সামনে উদযাপন করতেও দেখা যায়, যা ম্যাচের উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।

বর্তমানে সৌদি প্রো লিগ খেতাব জেতার  দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আল নাসের। আর মাত্র দুই পয়েন্ট পেলেই খেতাব  নিশ্চিত করতে পারবে তারা। 

এখন তাদের সামনে রয়েছে দু'টি অ্যাওয়ে ম্যাচ। এরপর ঘরের মাঠে মুখোমুখি হবে আল হিলালের।