আজকাল ওয়েবডেস্ক: রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ আইপিএল ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে ইলেকট্রনিক সিগারেটে টান মেড়ে বড় বিতর্কে জড়িয়েছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে এই ঘটনাটি ঘটে।


বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, পরাগকে ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তাঁর নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। 


তিনি আইপিএলের আচরণবিধির ২.২১ ধারা  ভঙ্গ করেছেন, যা খেলার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সঙ্গে সম্পর্কিত।

লাইভ চলাকালীন দেখা যায় ড্রেসিংরুমে বসে ই সিগারেটে টান মারছেন রিয়ান পরাগ। বিষয়টি নিয়ে অবশ্য আম্পায়াররা ম্যাচ শেষে রিপোর্ট করেননি। 

পরে ভিডিও প্রমাণ সামনে আসার পর ম্যাচ রেফারি অমিত শর্মা বিষয়টি খতিয়ে দেখে পারাগকে দোষী সাব্যস্ত করেন।

বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, রিয়ান পরাগ নিজের দোষ স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। 

একই সঙ্গে লিগের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট দল, কর্মকর্তা বা খেলোয়াড়দের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ভারতে ২০১৯ সালে ইলেকট্রনিক সিগারেট নিষিদ্ধ করা হয়েছে। আইন অনুযায়ী, প্রথমবার অপরাধ করলে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

এই মরশুমে রাজস্থান রয়্যালসের এটি প্রথম বিতর্ক নয়। এর আগে দলের ম্যানেজার ডাগ আউটে মোবাইল ব্যবহার করার জন্য এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল তাঁর নামে।