আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থের কি জায়গা হবে ভারতের ওয়ানডে দলে? রিপোর্ট বলছে সেটাই হবে। আইপিএলে পন্থ ভাল ফর্মে নেই। তাঁর দলও ছন্দে নেই। ফলে ভারতের ওয়ানডে দলে তিনি জায়গা হারাতে পারেন। খবর এমনটাই। আইপিএলে তাঁর ব্যাট গর্জে না ওঠায় নির্বাচকরা আস্থা হারাচ্ছেন পন্থের ওপর।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতের ওডিআই দলে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটারের ভূমিকায় এখন সঞ্জু স্যামসন এগিয়ে রয়েছেন। 
প্রথম পছন্দ লোকেশ রাহুলই রয়েছেন। এর ফলে পন্থ কার্যত দৌড়ে পিছিয়ে পড়েছেন।

গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে পন্থ ছিলেন দ্বিতীয় পছন্দ, তবে মাঝপথে চোটের কারণে তাঁর জায়গায় সুযোগ পান ধ্রুব জুড়েল। 

এখনও জুড়েল নির্বাচকদের নজরে রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী দুরন্ত ফর্মে থাকা স্যামসনের প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছেন নির্বাচকরা।  টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলতি আইপিএলে তার ব্যাটিং নজর কেড়েছে। চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক মরশুমেই তিনি ইতিমধ্যে দু'টি শতরান করেছেন এবং আট ম্যাচে ৩০৪ রান সংগ্রহ করেছেন।

একদিনের ক্রিকেটে সুযোগ কম পেলেও স্যামসনের পরিসংখ্যান বেশ ভাল। ১৪ ইনিংসে ৫১০ রান, যার মধ্যে রয়েছে একটি শতরান ও তিনটি অর্ধশতরান।

অন্যদিকে, ২০২৭ বিশ্বকাপকে লক্ষ্য করে পরিকল্পনা সাজাচ্ছেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর এবং প্রধান কোচ গৌতম গম্ভীর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে চলা সেই বিশ্বকাপের আগে ভারত প্রায় ২০টি ওয়ানডে ম্যাচ খেলবে।
আগামী ১৪ জুন আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা।
চলতি আইপিএলে পন্থের পারফরম্যান্স হতাশাজনক। আট ম্যাচে মাত্র ১৮৯ রান। তবে টেস্ট ক্রিকেটে তাঁর জায়গা আপাতত সুরক্ষিত বলেই মনে করা হচ্ছে।