আজকাল ওয়েবডেস্ক: দলের প্রতিষ্ঠা দিবসে নাগপুরে সমাবেশ ছিল কংগ্রেসের। প্রতিষ্ঠা দিবস থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছে হাত শিবির, জানিয়েছে "আমরা প্রস্তুত"। বৃহস্পতিবারের ওই সভায় চেয়ারে বারকোড লাগিয়েছিল কংগ্রেস। তাতে ছবি রাহুলের। কারণ কী? কারণ হিসেবে জানা গিয়েছে্, ওই বারকোডে স্ক্যান করে দলের জন্য অনুদান দিতে পারবেন কর্মী, সমর্থকরা। হাত শিবিরের এই কর্মসূচির নাম "দেশের জন্য দান"। কর্মী, সমর্থকদের উদ্দেশে এই কর্মসূচি প্রসঙ্গে বলা হয়েছে, "উন্নত ভারত গঠনের জন্য ১৩৮ বছরের সংগ্রামে, কংগ্রেসের আপনাকে প্রয়োজন। ভারতের আপনাকে প্রয়োজন। অনুদানের জন্য এখনই স্ক্যান করুন..." জানা গিয়েছে, ৫ জন ভাগ্যবান অনুদানদাতা রাহুল গান্ধীর দেওয়া শংসাপত্র পাবেন। বৃহস্পতিবার নাগপুরের "হ্যান তৈয়ার হাম" কর্মসূচিতে বার্তা দিয়েছেন, মতাদর্শের এই লড়াইয়ে আমরা একসঙ্গে মহারাষ্ট্র এবং দেশের নির্বাচন জিতব। রাহুল তাঁর বক্তব্যে এদিন বলেন, দেশে সংঘাত চলছে দুটি বিরোধী মতাদর্শের। মানুষ মনে করছে এই লড়াই ক্ষমতার, রাজনৈতিক। কিন্তু এই লড়াই মতাদর্শের।