আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলায় ভোটপর্ব মিটতেই জামিন পেলেন ভোটকুশলী সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (আই–প্যাক) অন্যতম প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর বিনেশ চান্দেল। 


প্রসঙ্গত, ভোটের ঠিক আগে গত ১৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধে আর্থিক তছরূপ ও বিভিন্ন হিসেব বহির্ভূত টাকা লেনদেনের অভিযোগ ছিল।

এছাড়াও বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে হাওয়ালা মারফত টাকা বাইরে পাঠানোরও অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তবে, এবার তাঁকে জামিন দিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। জানা গিয়েছে, চান্দেলের জামিনের বিরোধিতা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। 


প্রসঙ্গত, দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে গত মঙ্গলবারই অন্তর্বর্তী জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গিয়েছিল। এরপর বৃহস্পতিবারও জামিনের আবেদনের শুনানি ছিল। কিন্তু এদিন চান্দেলের জামিনের আবেদনের বিরোধিতাই করেনি ইডি। ইডি আধিকারিকরা জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করেছেন চান্দেল। তবে শর্তসাপেক্ষে চান্দেলের জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে।


আদালত জানিয়েছে, চান্দেল কোনও সাক্ষ্যপ্রমাণ বিকৃত করবেন না। সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না। আদালত চান্দেলকে তদন্তে সহযোগিতা করতে ও সমস্ত তথ্য প্রদান করার কথা বলেছে। এছাড়া, চান্দেলকে পাসপোর্ট জমা রাখার কথা বলা হয়েছে। কোথাও যেতে হলে তদন্তকারীদের জানিয়ে যেতে হবে। নির্দিষ্ট এলাকা ছাড়া বেরতে পারবেন না। সঙ্গে তদন্ত সবরকম সহযোগিতা করার কথা বলেছে আদালত।