আজকাল ওয়েবডেস্কঃ কেন্দ্রের 'গ্রেট নিকোবর প্রকল্প' নিয়ে এ বার সরব বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রকল্পটিকে এ যাবৎকালে দেশের সবচেয়ে বড় জালিয়াতিগুলির মধ্যে অন্যতম বলে দাবি করলেন তিনি। প্রকল্পটি প্রকৃতি এবং আদিবাসী জনগোষ্ঠীকে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত করবে বলে বুধবার কড়া ভাষায় কেন্দ্রের নিন্দা করেন রাহুল।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, বর্তমানে আন্দামান-নিকোবরে স্বল্পমেয়াদি সফরে কংগ্রেস নেতা। ঘুরে দেখছেন দ্বীপপুঞ্জের সৌন্দর্য। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "প্রাচীন এই বনভূমি ইতিহাসের সাক্ষ্য বহন করে। প্রতিটি গাছে জড়িয়ে রয়েছে বহু বছরের স্মৃতি। প্রজন্মের পর প্রজন্ম এই দ্বীপে বসবাসকারীরা অতি যত্নে সেগুলি লালনপালন করে বড় করেছেন, আর এখন তাঁদের কাছ থেকেই কেড়ে নেওয়া হবে এই অমূল্য সম্পদ।"

 

তাঁর মতে, কেন্দ্র উন্নয়নের নামে ওই অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে প্রতারণা করছে। কাটা পড়ছে লক্ষ লক্ষ গাছ। অভিযোগ, এই প্রকল্প ১৬০ বর্গকিলোমিটার রেনফরেস্ট ক্ষতিগ্রস্ত হবে। কেড়ে নেবে স্থানীয় আদিবাসীদের বাসস্থান। তিনি বলেন, " প্রকল্পটি উন্নয়নের নামে ধ্বংসলীলা চালানোর একটি নীল নকশা। যা শুধু প্রাকৃতিক সম্পদ নষ্ট করবে, এমন নয়। ওই অঞ্চলে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীকেও উচ্ছেদ করবে। তাঁদের অধিকার থেকে বঞ্চিত করবে।"

 

উল্লেখ্য, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্পটি ইতিমধ্যেই জাতীয় গ্রিন ট্রাইবুনালের সম্মতি পেয়েছে। প্রকল্পটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে একটি অর্থনৈতিক এবং কৌশলগত কেন্দ্রে রূপান্তরিত করার লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে। যেখানে গড়ে তোলা হবে একটি আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট বন্দর, একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, একটি পরিকল্পিত নতুন শহর। কেন্দ্রের দাবি, এর ফলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। এ ছাড়া মালাক্কা প্রণালীর কাছে অবস্থিত হওয়ায় সামরিক এবং বাণিজ্যিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই প্রকল্প। এর জন্য কেন্দ্রের আনুমানিক খরচ প্রায় ৮১,০০০ থেকে ৯২,০০০ কোটি টাকা।

 

শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতায় কংগ্রেস। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আগেই এর সমালোচনা করেছেন। প্রকল্পটি অঞ্চলের বাস্তুতন্ত্র এবং আদবাসী জনজাতিকে ক্ষতিগ্রস্ত করবে এমন আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রকে পুনরায় বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন। এ বার একই সুর রাহুল গান্ধীরও। তাঁর মতে, কেন্দ্র এই প্রকল্প বাস্তবায়িত করলে এক ভয়াবহ অপরাধ করবে।