আজকাল ওয়েবডেস্কঃ রাজস্থানের বিধ্বংসী আগুন। কোটা শহরের একটি শপিং মলে বুধবার সকালে আগুন লাগে। তবে ওই অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। দমকলকর্মীদের প্রচেষ্টায় বেশ খানিকক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার সকালে বিজ্ঞান নগর পুলিশ স্টেশন এলাকায় ঝালাওয়ার রোডের সিটি মলে ওই ঘটনা ঘটে। মলের দ্বিতীয় তলায় প্লাস্টিক সামগ্রীর দোকানে হঠাৎ আগুন লাগে। ওই ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে ডেকে পাঠানো হয়। প্রায় ১৫টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। প্রায় ৫০ থেকে ৬০ জন দমকলকর্মীর প্রচেষ্টায় শেষমেশ দু'ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

সূত্রের খবর, সকাল সাড়ে ১০টার আগে ঘটনাটি ঘটে। তখনও মলের সব দোকান খোলা হয়নি। দোতলায় প্লাস্টিক সামগ্রীর দোকানটিও তখন বন্ধ ছিল। হঠাৎ সেখানে আগুন দেখা যায়। প্রথমে নিরাপত্তারক্ষীরাই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় খবর দেওয়া হয় দমকলে। দমকল আধিকারিকেরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই ওই আগুন লেগেছিল। ]

 

জানা গেছে, আগুন নেভানোর জন্য দমকলকর্মীদের মলের কাচ ভেঙে ভেতরে ঢুকতে হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গেই মলের ভেতর এবং পার্শ্ববর্তী কোচিং সেন্টার থেকে সমস্ত মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়।

 

বিজ্ঞাননগর পুলিশ স্টেশনের সার্কেল অফিসার জানিয়েছেন, ইতিমধ্যেই মল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আপাতত এক সপ্তাহ ওই মল বন্ধ রাখা হবে বলেও জানা গেছে।

 

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের গাজিয়াবাদেও মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যা ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ইন্দিরাপুরমের ‘গৌড় গ্রিন অ্যাভিনিউ’ সোসাইটির ন’তলার একটি ফ্ল্যাটে প্রথম আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন অন্যান্য তলাতেও ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, বহুদূর থেকে এমনকী দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে থেকেও দেখা যাচ্ছিল সেই ধোঁয়া। পাশাপাশি স্বস্তির বিষয় এই যে, ফ্ল্যাটের ভেতরে কেউ আটকে পড়েননি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

এই ঘটনার খবর পাওয়া মাত্রই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ কমিশনার এবং জেলাশাসককে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। উদ্ধারকাজে গতি আনার পাশাপাশি তিনি সাফ জানিয়েছেন, "কাজে কোনও গাফিলতি মেনে নেওয়া হবে না।"