আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুতে মর্মান্তিক কাণ্ড। প্রবল বৃষ্টিতে হাসপাতালের দেওয়াল ভেঙে মারা গেলেন সাত জন। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে।
সাত জন মৃত ছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও সাত জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। অভিযোগ, কয়েক দশকের পুরনো ওই দেওয়ালের উপর নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেই চাপ সহ্য করতে না পেরে ভারী বৃষ্টির মধ্যে প্রাচীরের একাংশ ভেঙে পড়ে। শিবাজীনগরের বিধায়ক রিজওয়ান আরশাদ জানিয়েছেন, সন্ধে সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বজ্রপাত ও ভারী বৃষ্টির জেরে এমনটা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, তুমুল বৃষ্টির মধ্যে উঁচু দেওয়াল লাগোয়া ফুটপাথে অস্থায়ী প্লাস্টিকের ছাউনির নীচে আশ্রয় নিয়েছিলেন অনেকে। আর তাঁদেরই উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বেঙ্গালুরুর শিবাজিনগরের বোয়ারিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের দেওয়ালের একাংশ।
এদিকে, বেঙ্গালুরুর হাওয়া অফিসের রেকর্ড বলছে, বুধবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যে শহরে ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ফুটপাথে জড়ো হওয়া মানুষদের উপর দেয়ালটি ভেঙে পড়ে, যার মধ্যে রাস্তার হকার এবং পথচারীরাও ছিলেন। ওই সরকারি হাসপাতালটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং প্রতিদিনই এখানে প্রচুর মানুষের যাতায়াত হয়। হাসপাতাল প্রাঙ্গণ সংলগ্ন ফুটপাথগুলির হকার ও ছোট ব্যবসায়ীদের অস্থায়ী ছাউনিতে বৃষ্টিতে অনেকে আশ্রয় নিয়েছিলেন। তাঁরাও দুর্ঘটনার শিকার হন।















