আজকাল ওয়েবডেস্ক: রাম মন্দির উদ্বোধন ঘিরে ফের তৈরি হয়েছে নয়া বিতর্ক। বিজেপির দুই প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানি এবং মুরলি মনোহর যোশী থাকছেন না অনুষ্ঠানে। বিজেপির লৌহপুরুষ আডবানি এবং যোশীর ভূমিকা রাম মন্দির নামের সঙ্গে ওতঃপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। রাম মন্দির ট্রাস্টের সম্পাদক চম্পত রাই জানিয়েছেন, দুই প্রবীণ নেতারই বয়স হয়েছে। তাই তাদের এই অনুষ্ঠানে আসতে বারণ করার অনুরোধ জানানো হয়েছে। তাঁরা সানন্দে এই অনুরোধ গ্রহণও করেছেন। আডবানির বর্তমান বয়স ৯৬ এবং যোশীর বর্তমান বয়স ৯০। তাই তাঁদের বয়সের দিকটি এখানে মাথায় রাখা হয়েছে। প্রসঙ্গত, ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন স্থির করা হয়েছে। সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় চার হাজার সাধু উপস্থিত থাকবেন। অতিথিদের তালিকা ইতিমধ্যেই দুহাজার ছাড়িয়েছে। তবে এত জাঁকজমকের মধ্যে ‘মোদি’-র প্রভাব অক্ষুন্ন রাখতেই কি এই বিজেপির এই দুই প্রবীণ নেতাকে নিয়ে আসা হবে না ? প্রশ্ন রাজনৈতিকমহলের।