প্যাচপ্যাচে গরমে বেশি তেল-মশলা যুক্ত রিচ খাবার খেতে কারই বা ভালো লাগে? অথচ বাঙালির দুপুরের পাতে এক টুকরো মাছ না হলে যেন খাওয়াই অসম্পূর্ণ থেকে যায়।
2
11
কাঠফাটা গরমে স্বাস্থ্যের খেয়াল রাখতে এবং রসনার তৃপ্তি মেটাতে বানিয়ে নিন রুই মাছের পাতলা ঝোল। খুব কম তেল ও মশলায় তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনই পেটের জন্য আরামদায়ক।
3
11
প্রয়োজনীয় উপকরণ:
* রুই মাছ: ১ কেজি (মাঝারি সাইজের টুকরো করা)
* সর্ষের তেল: পরিমাণমতো (রান্না ও ম্যারিনেশনের জন্য)
* আদা: ১৫ গ্রাম
* কাঁচা লঙ্কা: স্বাদমতো
* পোস্ত: ৫০ গ্রাম (আগে থেকে জলে ভেজানো)
* কালো জিরে: ১ চা চামচ
* টমেটো: ৪টি (প্রায় ২৫০ গ্রাম)
* হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
* জিরে গুঁড়ো: ১ চা চামচ
* নুন: স্বাদমতো
4
11
মাছ ম্যারিনেট করা: রুই মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। এবার মাছের গায়ে পরিমাণমতো নুন, হলুদ এবং এক থেকে দেড় চা চামচ সর্ষের তেল মাখিয়ে অন্তত ১০ থেকে ১৫ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিন।
5
11
একটি মিক্সারে আদা, কাঁচা লঙ্কা এবং আগে থেকে ভিজিয়ে রাখা পোস্ত একসঙ্গে বেটে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। মিশ্রণটি বাটার সময় আলাদা করে জল না দিয়ে পোস্ত ভেজানো জলটি ব্যবহার করলে স্বাদ আরও ভাল হবে৷
6
11
কড়াইতে পরিমাণমতো সর্ষের তেল গরম করুন। মাছ ভাজার সময় যাতে তেল না ছিটকায় এবং কড়াইতে আটকে না যায়, তার জন্য গরম তেলে সামান্য নুন ও হলুদ ফেলে দিন। এরপর মাছের টুকরোগুলো তেলে ছেড়ে এপিঠ-ওপিঠ বেশ লালচে করে ভেজে তুলে পাত্রে রাখুন।
7
11
মাছ ভাজার পর অবশিষ্ট তেলেই এক চা চামচ কালো জিরে ফোড়ন দিন। সামান্য নাড়াচাড়া করে সুগন্ধ বেরোলে এর মধ্যে টুকরো করে কাটা টমেটোগুলো দিয়ে দিন। স্বাদমতো নুন দিন৷ টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়ে নরম হয়ে আসা পর্যন্ত রান্না করুন।
8
11
টমেটো গলে এলে তাতে সামান্য হলুদ গুঁড়ো এবং এক চা চামচ জিরে গুঁড়ো মিশিয়ে দিন। এরপর আগে থেকে তৈরি করে রাখা পোস্ত ও আদার পেস্ট কড়াইতে দিয়ে দিন। এই সময় গ্যাসের আঁচ কমিয়ে মশলাটি ভালো করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবং আদার কাঁচা গন্ধ চলে গেলে বুঝবেন কষানো সম্পূর্ণ হয়েছে।
9
11
যেহেতু এটি গরমের জন্য পাতলা ঝোল, তাই এবার কড়াইতে একটু বেশি পরিমাণে জল ঢেলে দিন। গ্যাসের আঁচ বাড়িয়ে ঝোলটি ভালো করে ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে তাতে আগে থেকে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো সাবধানে ছেড়ে দিন। (আপনি চাইলে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলুও যোগ করতে পারেন)।
10
11
গ্যাসের আঁচ কমিয়ে মাঝারি করে দিন এবং ৩ থেকে ৪ মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিন যাতে মাছের ভেতরে ঝোলের স্বাদ ভালোভাবে প্রবেশ করে। নামানোর ঠিক আগে উপর থেকে কয়েকটি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন।
11
11
গরমকালের জন্য পারফেক্ট 'রুই মাছের পাতলা ঝোল' একেবারে তৈরি! গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন এই অমৃত সমান পদ।