আজকাল ওয়েবডেস্ক: বহুদিন ধরেই ভারতে টেলসা কর্তা ইলন মাস্কের আসা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে শুক্রবার সকালেই সমস্ত জল্পনায় জল ঢেলে দেওয়া হল। রবিবারই ভারতে আসার কথা ছিল মাস্কের। তবে তার আগেই এক্স হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হল কাজের চাপের জন্য ভারতে আসছেন না মাস্ক। তবে বিশ্বের ধনীতম ব্যক্তি এটাও জানিয়েছেন তাঁর সফর দেরিতে হলেও তিনি চলতি বছরেই ভারত সফর করবেন। প্রসঙ্গত, গত সপ্তাহেই মাস্ক বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। বিগত বছরের জুন মাসে আমেরিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন মাস্ক। সেখানেই তিনি জানান, ভারতের বাজারে কাজ করতে আগ্রহী টেসলা। একটি বিশাল অঙ্কের অর্থ ভারতে বিনিয়োগ করার কথাও জানিয়েছিলেন তিনি। তবে আপাতত সমস্ত পরিকল্পনাই স্থগিত হয়ে গেল। লোকসভা ভোট চলাকালীন ভারতে আসছেন না ইলন মাস্ক।
ELON MUSK: কাজের চাপে জেরবার, আপাতত ভারতে আসছেন না ইলন মাস্ক















