আজকাল ওয়েবডেস্ক: দুনিয়াজুড়ে থমকাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। ডাউন ইনস্টাগ্রামও৷ সন্ধে সাতটার পর থেকেই ফেসবুকে সমস্যা তৈরি হয়। ব্যবহারকারীদের অভিযোগ, ফেসবুকে কোনও পোস্ট শেয়ার করা সম্ভব হচ্ছে না। এছাড়া, ফিডে পুরনো পোস্ট বারবার ঘুরে-ফিরে আসছে ৷
অনেকের বক্তব্য আবার হোয়াটসঅ্যাপ ওয়েব-ভার্সনেও লগইন হয়নি৷ সার্চ করা হলেই '404 Page Not Found' দেখাতে শুরু করে৷
এই সমস্যা প্রসঙ্গে মেটার তরফে সংস্থার কমিউনিকেশন প্রধান অ্যান্ডি স্টোন এক্স বার্তায় জানিয়েছেন, বিশ্বব্যাপী মেটা প্ল্যাটফর্মে যে সমস্যা চলছে সেই বিষয়ে তাঁরা জানান ৷ সংস্থার তরফে এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে ৷
মেটা প্ল্যাটফর্মে এই সমস্যা শুধুমাত্র ভারতে নয়৷ আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, বাংলাদেশ সহ একাধিক দেশের ব্যবহারকারীরা জানিয়েছেন তাঁরা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন ৷
এর আগে চলতি মাসের তিন তারিখেও ফেসবুকে সমস্যা তৈরি হয়েছিল ৷ যদিও তা কিছু পরেই মিটে যায়। তার আগে ১৮ মার্চ আচমকা কাজ করা বন্ধ করে এক্স হ্যান্ডেল৷ ভারতের পাশাপাশি বিশ্বের বেশ কয়েকটি দেশের গ্রাহকরা এক্স হ্যান্ডেল ব্য়বহার করতে পারছেন না বলে জানা গিয়েছিল৷















