আজকাল ওয়েবডেস্ক: শেয়ার বাজারে পা রেখেই ইতিহাস গড়ল এলন মাস্কের রকেট কোম্পানি ‘স্পেসএক্স’। প্রথম দিনেই সংস্থার শেয়ারের দাম ১১ শতাংশ বেড়ে দাঁড়াল ১৫০ ডলার। পরে তা আরও বেড়ে হয় প্রায় ১৬৭ ডলার। এর ফলে স্পেসএক্সের মোট বাজারমূল্য পৌঁছল ২.১৮ ট্রিলিয়ন ডলারে। আর এই সাফল্যের হাত ধরেই বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নার’ হয়ে গেলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক।
আইপিও-তে স্পেসএক্সের শেয়ারের দাম ১৩৫ ডলার থেকে এক ধাক্কায় ১৫০ ডলার হতেই ট্রিলিয়নারের তকমা পান মাস্ক। বর্তমানে তাঁর মোট সম্পত্তির আসল উৎস হল স্পেসএক্স এবং বৈদ্যুতিক গাড়ি তৈরির সংস্থা ‘টেসলা’-র শেয়ার।
এ ছাড়াও মানুষের মাথায় চিপ বসানোর প্রযুক্তি সংস্থা ‘নিউরালিঙ্ক’ এবং সুড়ঙ্গ তৈরির সংস্থা ‘দ্য বোরিং কোম্পানি’-তেও তাঁর বড় অঙ্কের মালিকানা রয়েছে।
এর আগে ২০২১ সালের জানুয়ারি মাসে অ্যামাজনের মালিক জেফ বেজোসকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছিলেন মাস্ক। সে সময় টেসলার শেয়ারের দাম এক লাফে বাড়ায় তাঁর মোট সম্পত্তি ১৮৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল।
হঠাৎ কেন স্পেসএক্স-কে শেয়ার বাজারে আনা হল, তার কারণও জানিয়েছেন টেসলা-প্রধান। মাস্কের কথায়, মহাকাশে কৃত্রিম উপগ্রহ ও ডেটা সেন্টার বসানো এবং ভবিষ্যতে মঙ্গলে মানুষের বসতি গড়ে তোলার জন্য প্রচুর টাকার প্রয়োজন। সেই টাকা তুলতেই এই সিদ্ধান্ত।
পৃথিবীর বাইরে অন্য গ্রহেও যাতে মানুষ বসবাস করতে পারে, সেই স্বপ্নের কথাই আরও একবার মনে করিয়ে দিয়েছেন মাস্ক। তিনি বলেন, ‘‘শুধু কয়েকজন মহাকাশচারী নন, আমি সাধারণ মানুষের কথা বলছি। এই মুহূর্তে যিনিই আমার কথা শুনছেন বা দেখছেন- স্পেসএক্স আপনাকে চাঁদে, মঙ্গলে এবং ব্রহ্মাণ্ডের আরও দূর-দূরান্তে নিয়ে যেতে চায়।’’















