প্রকাশিত কিংশুক দে পরিচালিত, মিনু পারেখ ও নিলেশ পারেখ নিবেদিত ব্লুবেরিজ এন্টারটেনমেন্ট এর ছবি " দ্য রেড ফাইলস" ছবির অফিসিয়াল ট্রেলর। ১৪ই মার্চ, ২০২৪, সন্ধ্যা ৭ টা থেকে দক্ষিণ কলকাতার এক প্রখ্যাত পাব- এ অনুষ্ঠিত হয় এই ছবির ট্রেলার রিলিজের অনুষ্ঠান। পরিচালক কিংশুক দে, প্রযোজক মিনু পারেখ ও নিলেশ পারেখ ছাড়াও উপস্থিত ছিলেন ছবির অভিনেতা কিঞ্জল নন্দ, জুঁই সরকার, তানিকশা রায়, অভীরূপ চৌধুরী, সঞ্জীব ঘোষ, দেবপ্রসাদ হালদার। ছবির সঙ্গীত পরিচালক সৌম্য-ঋতও এ দিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। 

ছবির কাহিনীতে উঠে আসতে চলেছে ১৯৯০ এর বানতলা ধর্ষণ কাণ্ডের সত্য ঘটনা। তবে শুধু বানতলা নয়, ধর্ষণ নামক আদিম নৃশংস ব্যাধির প্রতি এক সোচ্চার প্রতিবাদ এই ছবি। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় কিংশুক দে। ক্যামেরায় শুভদীপ নস্কর। ছবির সৃজনশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনায় সংযুক্তা দেব রায়। ছবির সম্পাদনা করছেন অমিত নস্কর।



ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মুমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, তানিকশা রায়, অভিরূপ চৌধুরী, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার প্রমুখ। গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, পাপন, ও লগ্নজিতা চক্রবর্তী। এদিন পরিচালক কিংশুক দে বলেন, "আমাদের ছবির শুভমুক্তি আগামী ২৯ মার্চ, ২০২৪। এখন মুক্তির আগের প্রস্তুতি নিয়ে সবাই খুব ব্যস্ত। আজ ছবির ট্রেলার বেরোল। খুবই পরিশ্রম করে এই ছবি তৈরি করেছি আমরা। অনেক গবেষণা, অনেক অন্বেষণের পর আজ ‘রেড ফাইলস’ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রায় তৈরি। আশা, দর্শক সচেতনভাবে এই ছবি দেখবেন। কেবল বিনোদন নয়, এই ছবি বাঙালির বোধোদয় ঘটাবে, প্রতিবাদের রসদ হয়ে উঠবে।"