জনপ্রিয় হিন্দি ধারাবাহিক 'অনুপমা'-র 'কাব্য' ওরফে মদলসা শর্মা সম্প্রতি তাঁর জীবনের একটা অস্বস্তিকর ঘটনার কথা ভাগ করেছেন। মাত্র ১৯ বছর বয়সে এক নামী পরিচালকের অদ্ভুত আবদারের মুখে পড়েছিলেন তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে অভিনেত্রী এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, "এক নামী পরিচালক আমাকে দেখা করতে ডেকেছিলেন। তখন আমার বয়স ছিল মাত্র ১৯। তিনি জানান, এমন এক অভিনেত্রীকে খুঁজছেন যিনি বিকিনি পরতে পারবেন। আমি মনে মনে ভাবলাম, এতে তো দোষের কিছু নেই। তাই আমি রাজি হয়ে যাই, কিন্তু জানতে চাই গল্পের প্রয়োজনে কি এটা সত্যিই দরকার? তখন ১৯ বছর বয়স হলেও আমি বেশ সচেতন ছিলাম।"

পরিচালক তখন জানান যে, মদলসা বিকিনি পরলে কেমন দেখাবে বা তাঁর শরীরী ভাষা কেমন হবে, সেটা তিনি সরাসরি দেখতে চান। পরিচালকের এই কথা শুনে তিনি বলেন, "আমি তাঁকে পরিষ্কার জানাই, পেশায় আমি একজন অভিনেত্রী। যদি অভিনয়ের প্রয়োজনে ক্যামেরার সামনে বিকিনি, শাড়ি বা অন্য কিছু পরতে হয়, আমি তাতে স্বাচ্ছন্দ্য বোধ করব। কারণ সেটা আমার কাজ।"

পরিচালককে কড়া জবাব দিয়ে তিনি আরও বলেছিলেন,  "কিন্তু আপনার সামনে ওটা পরে দেখানো আমার কাজের মধ্যে পড়ে না! তাই আমার প্রতিভার ওপর ভরসা থাকলে আমাকে নিতে পারেন, আর না হলে আমি চলে যাচ্ছি।"

এর কিছুদিন পর মদলসা জানতে পারেন, ওই ছবিতে যাঁর অভিনয় করার কথা ছিল, তিনি সেই পরিচালকের সঙ্গেই প্রেম করছিলেন। 

প্রসঙ্গত, ২০০৯ সালে তেলুগু ছবির মাধ্যমে অভিনয় শুরু করলেও 'অনুপমা' ধারাবাহিকটিই মদলসাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। অভিনেত্রী ছাড়াও মদলসার আরও একটা পরিচয় হল তিনি মহাক্ষয় চক্রবর্তীর স্ত্রী এবং 'মহাগুরু' মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ।