বলিপাড়ায় ফের বিচ্ছেদের খবর! বিয়ের পাঁচ বছর পর আলাদা হয়ে যাচ্ছেন এই জনপ্রিয় জুটি। কথা হচ্ছে ইভলিন শর্মার দাম্পত্য নিয়ে। মডেল ও অভিনেত্রী ইভলিন শর্মা এবং তাঁর স্বামী তুষাণ ভিন্ডি বিয়ের পাঁচ বছর পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
নিজেদের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে ইভলিন এক সাক্ষাৎকারে বলেন, "আমরা একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমাদের সন্তানদের একসঙ্গে বড় করে তোলার বিষয়ে আমরা দু'জনেই খুব সচেতন। আমরা এই সময়ে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি এবং আপনাদের আশ্বস্ত করছি যে, আমাদের এই বিচ্ছেদ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। আজীবন বন্ধুত্ব এবং কো-পেরেন্টিংয়ের উপর ভিত্তি করেই আমরা আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু করছি।"
অভিনেত্রীর বিবাহবিচ্ছেদের খবর সামনে আসতেই মন খারাপ অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ইভলিন ও তুষাণের দাম্পত্য নিয়ে।
প্রসঙ্গত, ইভলিনের বিয়ের অনুষ্ঠানটি ছিল বেশ ঘরোয়া। ২০২১ সালে বিয়ের ঠিক এক মাস পর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, 'চিরকাল।' ওই বছর নভেম্বরেই তাঁদের প্রথম সন্তান আভা রানিয়া ভিন্ডির জন্ম হয়। পরবর্তীতে ২০২৩ সালের জুলাই মাসে এই দম্পতির কোলে আসে তাঁদের পুত্রসন্তান আর্ডেন।
২০১২ সালে 'ফ্রম সিডনি উইথ লাভ' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল ইভলিন শর্মার। এরপর তিনি 'নৌটঙ্কি শালা!', 'ইশাক', 'ম্যায় তেরা হিরো' এবং 'ইয়ারিয়াঁ'-র মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন। এ ছাড়াও 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'জব হ্যারি মেট সেজল' এবং 'কুচ কুচ লোচা হ্যায়'-এর মতো ছবিতে বেশ নজরকাড়া চরিত্রে দেখা গিয়েছিল। প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'সাহো' ছিল তাঁর অভিনীত শেষ ছবি। এরপর বেশ কিছু বছর অভিনয় জগৎ থেকে দূরে রয়েছেন ইভলিন। এর মাঝেই অভিনেত্রীর বিচ্ছেদের খবরে বেশ শোরগোল পড়েছে নেটপাড়ায়।















