এই বছর সমারোহে পালিত হবে ভারতের ৫৭ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিবারের মতো এই বছরও গোয়ায় বসবে চাঁদের হাট। এদিন এবারের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল সম্প্রচার মন্ত্রকের তরফে।
শুক্রবার, ১ মে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং -এর তরফে ঘোষণা করে জানানো হয়েছে ২০২৬ সালের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার ফেস্টিভ্যাল ডিরেক্টর হচ্ছেন বলিউডের জনপ্রিয় পরিচালক আশুতোষ গোয়াড়িকর।
শুক্রবার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং -এর তরফে যে বিবৃতি প্রকাশ্যে আনা হয়েছে সেখানে লেখা হয়েছে, 'মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়াড়িকরকে ৫৭ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত কোয়েল। এটি গোয়ায় অনুষ্ঠিত হবে।' এই বিবৃতিতে আরও লেখা হয়, 'আশুতোষ গোয়াড়িকর একজন অত্যন্ত দক্ষ এবং সুপ্রতিষ্ঠিত পরিচালক, ভারতীয় সিনেমায় তাঁর অবদান অনস্বীকার্য। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার সঙ্গে তাঁর যোগ বহু বছরের। সিনেমাটিক আর্টিস এবং আন্তর্জাতিক ফিল্ম কালচারের যে বদল এসেছে সময় সময় তার সঙ্গে তিনি যে কতটা যুক্ত এবং পরিচিত সেটা দিয়ে বারংবার তিনি সাহায্য করেছেন।'

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় দেশ, বিদেশের বহু পরিচালক, চলচ্চিত্র নির্মাতারা অংশ নেন। প্রদর্শন করা হয় বিভিন্ন ধরনের ছবি। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার গত বছরের থিম ছিল কনভার্জেন্স অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড টেকনোলজি। ২০ থেকে ২৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল এই চলচ্চিত্র উৎসব। ৮৪টি দেশের ২৭০ টির বেশি ছবি দেখানো হয়েছিল। রজনীকান্ত সিনে জগতে ৫০ বছর কাটিয়ে ফেললেন যে সেটারও উদ্যাপন করা হয়। এই বছর কী থিম থাকে সেটার দিকে আগামী দিনে নজর থাকবে।
অন্যদিকে আশুতোষ গোয়াড়িকর 'স্বদেশ' থেকে শুরু করে 'লাগান', 'যোধা আকবর', 'মহেঞ্জোদারো', ইত্যাদির মতো আইকনিক সমস্ত ছবি উপহার দিয়েছেন। জাতীয় পুরস্কার সহ পেয়েছেন আইফা অ্যাওয়ার্ডস, ফিল্মফেয়ার সহ একাধিক পুরস্কার।















