আজকাল ওয়েবডেস্ক: প্রিমিয়ার লিগে চেলসির বিরুদ্ধে ১-০ গোলে হারতে হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। চলতি প্রিমিয়ার লিগ মরশুমে এটি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ১৩তম পরাজয়। তবে রেড ডেভিলস ম্যানেজার রুবেন অ্যামোরিম আপাতত গুরুত্ব দিচ্ছেন ইউরোপা লিগ ফাইনালকে। চেলসির বিরুদ্ধে হারও ইউরোপা লিগ ফাইনালের জন্য প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন তিনি। বর্তমানে লিগ টেবিলের ১৬ নম্বরে রয়েছে ম্যান ইউ। পরবর্তী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার একমাত্র সুযোগ ইউরোপা লিগ জেতা। ফাইনালে ম্যান ইউয়ের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামোরিম বলেন, “চেলসি ম্যাচ আমাদের ফাইনালের জন্য ভাল প্রস্তুতি ছিল। খেলোয়াড়দের ফর্ম ও ম্যাচের মধ্যে রাখতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল’। তিনি আরও বলেন, ‘ফাইনালের আগে যদি আমি খেলোয়াড়দের বিশ্রামে রাখতাম এবং ১০ দিন ম্যাচ ছাড়া থাকত, তাহলে সেটা ভুল হতো। আজ তারা মাঠে নেমে দেখিয়েছে যে তারা পারফর্ম করতে পারে, বল দখলে রাখতে পারে এবং প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। চেলসি ম্যাচ আমাকে ফাইনালের জন্য সেরা একাদশ বেছে নিতে সাহায্য করবে’। ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অ্যামোরিম জানিয়েছিলেন, ইউরোপা লিগ জয় এখন ক্লাবের প্রধান লক্ষ্য। প্রিমিয়ার লিগে ফর্ম না থাকলেও ম্যান ইউয়ের পাখির চোখ বর্তমানে ইউরোপা লিগ ফাইনালে।