আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবল ভবিষ্যৎ নিয়ে বোমা ফাটান তাঁর বোন। ৪১ বছর বয়সে কেরিয়ারের সায়াহ্নে এসেও করে চলেছেন একের পর এক রেকর্ড। কিন্তু কতদিন? প্রশ্ন এটাই। রাউন্ড অফ ৩২ এ পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের আগে রহস্য ঘনীভূত করেন খোদ তারকার বোন। তিনি জানান, বিশ্বকাপের শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন রোনাল্ডো। সেটা জানার পরই উৎকণ্ঠা বেড়ে যায় ভক্তদের। অনেকে ভেবে নেন, ক্রোয়েশিয়া ম্যাচেই শেষবারের মতো আন্তর্জাতিক মঞ্চে দেখা যেতে পারে সিআরসেভেনকে। কারণ হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে পর্তুগাল। কিন্তু ভক্তদের আশ্বস্ত করেন পর্তুগিজ তারকা। স্পষ্ট জানিয়ে দেন, টুর্নামেন্টের মাঝে ফুটবল জীবন নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চান না তিনি। 

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যাওয়ার পর রোনাল্ডো জানান, এখন তাঁর একমাত্র ফোকাস বিশ্বকাপ। টুর্নামেন্টে পর্তুগালের যাত্রা শেষ হয়ে যাওয়ার পর নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। উড়িয়ে দেন ম্যাচের আগে করা তাঁর বোনের মন্তব্য। যা শুনে কিছুটা হাঁফ ছেড়ে বাঁচে ভক্তরা। একটি আন্তর্জাতিক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, 'আমি তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিই না। টুর্নামেন্টের পর সিদ্ধান্ত নেব, এখন না।' এদিন আরও একটি রেকর্ড করেন পর্তুগিজ তারকা। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক ফুটবলারের হিসেবে নকআউট পর্বে গোলের নজির গড়েন। ৪১ বছর ১৪৭ দিনে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন। নিজের ষষ্ঠ বিশ্বকাপে প্রথমবার নকআউটে গোল পান রোনাল্ডো। 

ম্যাচের পর দিয়েগো জোটাকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করা হয়। রোনাল্ডো সহ পর্তুগালের সব প্লেয়ার জোটার ২১ নম্বর জার্সি পরে নেয়। রুদ্ধশ্বাস ম্যাচ জেতার পর কিছুটা স্বস্তি ফিরেছে পর্তুগাল শিবিরে। রোনাল্ডো বলেন, 'এই মুহূর্তটা বিশেষ। আমরা ম্যাচের আগে এই বিষয়ে কথা বলি। জীবনের কাকতালীয় ঘটনা নিয়ে আমরা আলোচনা করি। অবিশ্বাস্য। এমন পরিস্থিতি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমরা শুধু ম্যাচ জিতেছি বলে নয়। যেভাবে জিতেছি তার জন্য। কঠিন ম্যাচ ছিল। আমরা জানতাম ক্রোয়েশিয়া ভাল দল। প্রথমার্ধে আমাদের আধিপত্য ছিল। দ্বিতীয়ার্ধে গোল হজম করার পর আমরা প্যানিক করতে শুরু করি। তবে এটাই ফুটবল। আমার অফসাইড গোলের পর সমর্থকদের বিশ্বাস ফিরে আসে। স্টেডিয়াম তেতে যায়। পেনাল্টির পর আমরা ম্যাচে ফিরি। কয়েকটা সুযোগ তৈরি করি। দিনের শেষে আমাদের এই জয় প্রাপ্য।' 

ম্যাচ শেষে লুকা মডরিচের সঙ্গে কথা বলতে দেখা যায় রোনাল্ডোকে। দুই মহাতারকাকে আলিঙ্গন করতে দেখা যায়। তারপর লুকার মাথায় হাত রেখে কিছু বলতে দেখা যায় পর্তুগিজ তারকাকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। এই প্রসঙ্গে রোনাল্ডো বলেন, 'আমি লুকার সঙ্গে অনেক বছর খেলেছি। আমাদের বয়স প্রায় সমান। ও এদিনও ভাল খেলেছে। ওকে সবকিছুর জন্য অভিনন্দন জানাই। বলি, আমি আবার ওকে দেখতে চাই। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা দিই। ওর বিপরীতে খেলতে সবসময় ভাল লাগে।' রোনাল্ডোর একটা গোল বাতিল হওয়ার পর ম্যাচের ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতা ফেরান। এর আগে বিশ্বকাপের নকআউট পর্বে কোনও গোল ছিল না পর্তুগিজ তারকার। এদিন ষোল কলা পূর্ণ হল।