আজকাল ওয়েবডেস্ক: ভারতের রেকর্ড ভেঙে দিল নেদারল্যান্ডস। ৩৭০ রান তাড়া করে স্কটল্যান্ডকে হারায় নেদারল্যান্ডস। আর সঙ্গে সঙ্গে ভেঙে গেল ভারতের ১২ বছরের পুরনো রেকর্ড।
তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকা ছাড়া আর কোনও দল এর থেকে বেশি রান তাড়া করে জয় পায়নি ৫০ ওভারের ক্রিকেটে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরে ব্যাট করে ৪৩৫ রান তুলে জিতেছিল প্রোটিয়ারা। যা এখনও পর্যন্ত এক দিনের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়া করার নজির। দ্বিতীয় স্থানও রয়েছে দক্ষিণ আফ্রিকার দখলে। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ৩৭২ রান তাড়া করে ম্যাচ জিতেছিল তারা। দক্ষিণ আফ্রিকার এই নজিরের পরই থাকছে স্কটল্যান্ডের বিরুদ্ধে নেদারল্যান্ডসের জয়। চতুর্থ স্থানে চলে গেল ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের ৩৬১ রান রাড়া করে জয়। পঞ্চম স্থানে নেমে গেল ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ৩৬০ রান তাড়া করে জয়ের নজির।
প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড তুলেছিল ৬ উইকেটে ৩৬৯। জবাবে চার বল বাকি থাকতেই ৬ উইকেটে ৩৭৪ রান তুলল নেদারল্যান্ডস। ওপেনার ম্যাক্স ও’ডাউডের অপরাজিত ১৫৮ রানের সুবাদে এল জয়। স্কটল্যান্ড ওপেনার জর্জ মুনসে ১৫০ বলে ১৯১ রানের ইনিংস খেললেও তা বিফলে গেল। আর ভেঙে গেল ভারতের ১২ বছরের পুরনো রেকর্ড।
