আজকাল ওয়েবডেস্ক: দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেন হার্দিক পাণ্ডিয়া। বিশ্বজয়ের মঞ্চে দাঁড়িয়ে আরও বড় শপথ নিলেন ভারতের তারকা অলরাউন্ডার। আরও দশ বছর তিনি ক্রিকেট খেলবেন। আর এই দশ বছরে আরও দশটা খেতাব তিনি জিততে চান। এর মধ্যে রয়েছে আইসিসি টুর্নামেন্ট, রয়েছে আইপিএল। হার্দিক পাণ্ডিয়া বলছেন, ''আমি এখন সিনিয়র ক্রিকেটার হয়ে গিয়েছি, এটা শুনতেও বেশ ভাল লাগছে। আরও দশ বছর আমার মধ্যে ক্রিকেট রয়েছে। এখনও পর্যন্ত আমি আমার কেরিয়ারের অর্ধেক ক্রিকেট খেলেছি। আরও অর্ধ বাকি আছে। আরও দশটা ট্রফি আমি জিততে চাই। তার মধ্যে রয়েছে আইসিসি ট্রফি ও আইপিএল। আইসিসি ট্রফি সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে।''
হার্দিক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বলছেন, ''আমি যাই খেলি, সেটাই জিততে চাই। পরবর্তী দশ বছরে আরও পাঁচ-ছ'টা ট্রফি তো জিতবই। হেরে যাওয়া আমার মানসিকতায় নেই।''
ফাইনালে পাণ্ডিয়া ব্যাট করতে নামেন চার নম্বরে। সূর্যকুমার যাদবেরও আগে আসেন তিনি। ১৩ বলে দ্রুত ১৮ রান করেন তিনি। বল হাতে মার্ক চ্যাপম্যানের উইকেট তুলে নেন তিনি। চার ওভারে ৩৬ রান দিয়েছেন হার্দিক। গোটা টুর্নামেন্টে পাণ্ডিয়া ২১৭ রান করেছেন। দুটো হাফ সেঞ্চুরি রয়েছে। বল হাতে নটি উইকেট তিনি সংগ্রহ করেছেন। এি বিশ্বজয়ের পিছনে হার্দিক পাণ্ডিয়া তাঁর বান্ধবীকে কৃতিত্ব দিচ্ছেন। পাণ্ডিয়া বলছেন, ''এরকম জয়ের জন্যই তো বেঁচে থাকা। এর জন্যই আমার ক্রিকেট খেলা। আমি ট্রফি জিততে চাই। যতগুলো সম্ভব ট্রফি আমি জিততে চাই। ২০২৪ সালে বলেছিলাম, যতগুলো ট্রফির জন্যই খেলতে নামি না কেন, সবগুলো জিততে চাই। আমি এটাই বিশ্বাস করি।''
এক নিঃশ্বাসে হার্দিক বলে যান, ''এর পিছনে রয়েছে কঠিন পরিশ্রম। বাড়িত কথাবার্তা নয়, কঠিন পরিশ্রমের গল্প রয়েছে। কঠিন পরিশ্রম করো, নীরব থাকো, আর ভাল মানুষ হও। মাহেকা আমার জীবনে আসার পর থেকে আমি কেবল জিতেই চলেছি।''
এর পরে হার্দিক পাণ্ডিয়াকে আবার দেখা যাবে আইপিএলে। মুম্বই ইন্ডিয়ান্সকে তিনি নেতৃত্ব দেবেন। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আসন্ন আইপিএল।
