আজকাল ওয়েবডেস্ক: টি–২০ বিশ্বকাপে ওপেন করে সফল হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছেন। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন। এবার সঞ্জু স্যামসনের নজর আইপিএলে। এবারই প্রথম চেন্নাইয়ের জার্সিতে নামবেন তিনি।
রবীন্দ্র জাদেজা ও স্যাম কারেনকে রাজস্থানে দিয়ে সঞ্জুকে নিয়েছে চেন্নাই। এখন প্রশ্ন তিনি কত নম্বরে ব্যাট করবেন? সিএসকে’র প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না বলছেন, শুরুতে নয় তিন নম্বরই সেরা জায়গা হবে সঞ্জুর। তাঁর মতে, ওপেন করুক রুতুরাজ গায়কোয়াড় ও আয়ূষ মাত্রে। দলের ব্যাটিংয়ে ভারসাম্য রাখতে এমনটাই মত রায়নার। তাঁর কথায়, ‘দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিল সঞ্জু। তাই সঞ্জুর ভূমিকা খুব স্পষ্ট। আমি তো বলব তিনে সঞ্জু এলে ব্যাটিং অর্ডারে ভারসাম্য থাকবে। আর চারে আসুক ডেওয়াল্ড ব্রেভিস।’ রায়না আরও বলেছেন, পাঁচে আসুক শিবম দুবে। কিন্তু ছয়ে কে? টি–২০ ক্রিকেটে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটিংয়ের জায়গা।
রায়নার কথায়, ‘ছয়ে কে আসবে তা নির্ভর করবে কে প্রথম একাদশে থাকবে তার উপর। প্রশান্ত বীর নাকি আকিল হোসেন নাকি নুর আহমেদ। আরও গুরুত্বপূর্ণ কতজন বিদেশি পেসার দলে থাকবে।’
রায়না এটাও চান ধোনি নন উইকেটকিপিং করুক স্যামসন। তাঁর কথায়, ‘সঞ্জু খেলুক উইকেটকিপার–ব্যাটার হিসেবে। বিশ্বকাপেও ওই ভূমিকাতেই দেখা গেছে।’
রায়না আরও বলেছেন, ‘তরুণদের এখন মেন্টরের দরকার। আর ধোনি ড্রেসিংরুমে থাকলে কোনও চাপই নেই তরুণদের।’ এরপরই রায়না বলেছেন, ‘ধোনির ভূমিকাটা এবার বেশ গুরুত্বপূর্ণ। শুধু ব্যাটার না শুধু উইকেটকিপার–ব্যাটার সেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এখন দেখার কোন ভূমিকায় মাহি ভাইকে দেখা যায়।’
এটা ঘটনা, চেন্নাই কিন্তু ধোনির পরিবর্ত হিসেবেই সঞ্জু স্যামসনকে তুলে নিয়েছে। রায়নার কথায়, ‘চেন্নাই চাইছে এখন থেকেই আগামী তিন বছরের কোর টিম করে নিতে। তাই এই আইপিএলটা চেন্নাইয়ের কাছে খুব গুরুত্বপূর্ণ। ধোনি থাকতে থাকতেই প্রতিটি প্লেয়ারকে তাঁর ভূমিকাটা বুঝে নিতে হবে।’
