আজকাল ওয়েবডেস্ক:‌ ২০২৬ আইপিএলেও খেলতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। খোদ সিএসকে সিইও কাশী বিশ্বনাথন এই কথা জানিয়েছেন। তবে কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে তা তিনি খোলসা করেননি। শুধু ব্যাটার হিসেবে খেলবেন না উইকেটকিপার–ব্যাটার তা এখনও নিশ্চিত নয়। যদিও এবার সঞ্জু স্যামসন দলে আসায় তাঁরই উইকেটের পিছনে থাকার সম্ভাবনা বেশি।


৩০ মার্চ এবার আইপিএল অভিযান শুরু করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। গুয়াহাটিতে প্রথম ম্যাচে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। আর জল্পনা যদি সত্যি হয়, তাহলে এটাই ধোনির শেষ আইপিএল মরশুম।


দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। যদিও মধ্যমণি সেই ধোনিই। তরুণদের কাছে সেরা গাইড। এমনটাই মনে করেন চেন্নাইয়ে ধোনির সঙ্গে দীর্ঘদিন খেলা সুরেশ রায়না।


রায়না বলেছেন, ‘‌তরুণদের এখন মেন্টরের দরকার। আর ধোনি ড্রেসিংরুমে থাকলে কোনও চাপই নেই তরুণদের।’‌ এরপরই রায়না বলেছেন, ‘‌ধোনির ভূমিকাটা এবার বেশ গুরুত্বপূর্ণ। শুধু ব্যাটার না শুধু উইকেটকিপার–ব্যাটার সেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। এখন দেখার কোন ভূমিকায় মাহি ভাইকে দেখা যায়।’‌


এটা ঘটনা, চেন্নাই কিন্তু ধোনির পরিবর্ত হিসেবেই সঞ্জু স্যামসনকে তুলে নিয়েছে। রায়নার কথায়, ‘‌চেন্নাই চাইছে এখন থেকেই আগামী তিন বছরের কোর টিম করে নিতে। তাই এই আইপিএলটা চেন্নাইয়ের কাছে খুব গুরুত্বপূর্ণ। ধোনি থাকতে থাকতেই প্রতিটি প্লেয়ারকে তাঁর ভূমিকাটা বুঝে নিতে হবে।’‌  

এদিকে, প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান বলছেন, এবারই সম্ভবত শেষবার আইপিএলে ক্রিকেটার হিসেবে দেখা যাবে ধোনিকে। 
এটা ঘটনা ধোনির নেতৃত্বেই পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই। পাঠানের কথায়, ধোনিকে ছাড়া চেন্নাইয়ের কথা ভাবাই যায় না। পাঠান বলেছেন, ‘‌ধোনিকে ছাড়া সিএসকে অসম্পূর্ণ। এবারই সম্ভবত হলুদ জার্সিতে ধোনিকে শেষবার দেখা যাবে মাঠে। এটা ঘটনা চেন্নাই ও আইপিএল ধোনিকে ছাড়া ভাবাও যায় না। তাই এই বছরটা ধোনির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি জানি, না ধোনি এবার কটা ম্যাচ খেলবে। তবে ড্রেসিংরুমে ধোনির উপস্থিতিটাই অনেক। চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এবার দলটাও ঢেলে সাজিয়েছে। সঙ্গে ধোনি আছে। আমার মনে হয় তফাতফা ধোনিই গড়ে দেবে।’‌