আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন পেসার মহম্মদ আমির সাম্প্রতিক সময়ে ভারতের ম্যাচ নিয়ে বেশ সাহসী ভবিষ্যদ্বাণী করে আসছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের ফল তিনি সঠিকভাবে অনুমান করেছিলেন।
তবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল নিয়ে তাঁর পূর্বাভাস ঠিক হয়নি। তারপর বিপুল ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে আবারও ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখলেন আমির।
তাঁর মতে, আহমেদাবাদের পিচে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে নিউজিল্যান্ড। নিজের ইউটিউব চ্যানেলে আমির বলেন, ‘আমি মনে করি না মুম্বইয়ের পিচের মতো হবে এই পিচ। ম্যাচও অন্যরকম হবে। আহমেদাবাদে গতি ও বাউন্স থাকবে। নিউজিল্যান্ড দীর্ঘ সময় ধরে ভারতকে চাপে রাখতে পারে। দুই দলই জিততে পারে, তবে ফাইনালে ওঠাটাই বড় ব্যাপার। বোলিং ও ফিল্ডিংয়ের দিক থেকে সামগ্রিকভাবে নিউজিল্যান্ডই এগিয়ে।’
তিনি আরও বলেন, ‘শেষ ম্যাচে ক্যাচ ফেলাই বড় পার্থক্য গড়ে দিয়েছে। হ্যারি ব্রুক সঞ্জু স্যামসনের ক্যাচ ফেলেছিল, আর হার্দিক পাণ্ডিয়ার ক্যাচও মিস হয়েছিল। এই দু’টি সুযোগই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারত। নিউজিল্যান্ড যদি ইংল্যান্ডের মতো ভুল না করে, তাহলে তারা ভারতকে হারাতেই পারে।’
গোটা টুর্নামেন্ট জুড়েই ভারতের বিরুদ্ধে একের পর এক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন আমির। অভিষেক শর্মাকে তিনি স্লগার বলে অসম্মান করেছিলেন।
পরে মহম্মদ কাইফকেও তিনি অসম্মান করেন। নিজের ইউটিউব চ্যানেলে আমির ভারতের প্রাক্তন তারকাকে আক্রমণ করে বলেন, ''ওর ক্রিকেট কেরিয়ার সম্পর্কে আমার বিশেষ কিছু জানায়নি। আমি ওর স্ট্যাটস দেখেছি। আইপিএলে মাত্র ২৯টি ম্যাচ খেলেছে। স্ট্রাইক রেট ১০৩। ও বলেছে ভারত সম্পর্কে মন্তব্য করে আমি নাকি দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। প্রথমত ভারত সম্পর্কে মন্তব্য করে আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই না। মিস্টার কাইফ আমি ৩৫০টা টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। তুমি আমার পরিসংখ্যান খতিয়ে দেখতে পারো।''
পাক ক্রিকেটার অসম্মান করেছেন ভারতের তারকাকে। আমির বলেছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ধন্যবাদ জানাতে পারেন জাতীয় দলে সুযোগ দেওয়ার জন্য।
কেবলমাত্র ফিল্ডিংয়ের জন্য কাইফ জাতীয় দলে সুযোগ পেতেন বলেই কটাক্ষ করেছেন আমির। তিনি বলেছেন, ''ফিল্ডিংয়ের জন্য আমি কেবল দলে ছিলাম না। পারফরম্যান্স করে আমি দলে থেকেছি। আপনি দাদাকে ধন্যবাদ জানান। আমি শুনেছি আপনি কেবলমাত্র ফিল্ডিংয়ের জন্যই দলে ছিলেন। আপনি নিজে ক্রিকেটার। এই ধরনের মন্তব্য আপনার কাছ থেকে প্রত্যাশিত নয়।''
কিন্তু আমির কেন হঠাৎ কাইফকে আক্রমণ করতে গেলেন? কাইফ বলেছিলেন, ''২০২৪ সালে আমেরিকার বিরুদ্ধে যে দলটা হেরেছিল সেই দলের বোলার ছিলেন একজন। সেই ওভারে মাত্র একটা বাউন্ডারি হজম করেছিলেন তিনি কিন্তু অনেকগুলো ওয়াইড বল করেছিলেন। তাঁর ডেলিভারিগুলো স্টাম্পের কাছেই পড়েনি। আমেরিকার বিরুদ্ধে তিনিও ভয় পেয়ে গিয়েছিলেন। তাঁর জন্যই হার মেনেছিল দল। এর বেশি আমি আর কিছু বলব না।''
চারদিকে তাঁকে নিয়ে কেবল চর্চা চলছে। তবুও বদলাচ্ছেন না মহম্মদ আমির। ফাইনালের আগে আবার তিনি নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখলেন।
