আজকাল ওয়েব ডেস্ক:কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীর দিনে করবা চৌথের উপবাস পালন করা হয়।এই দিনে বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করে উপবাস করেন।নির্জলা উপোস করা অন্যতম নিয়ম হিসেবে বিবেচিত হয়।এই বছর ২০ অক্টোবর করবা চৌথ পালিত হবে।সমগ্র উত্তর ভারত জুড়ে এই উৎসবটি খুব আড়ম্বরের সঙ্গে পালিত হয়। অবশ্য এখন বাঙালি বিবাহিত মহিলারাও এই ব্রত স্বামীর মঙ্গল কামনায় পালন করে থাকেন।

এই শুভ অনুষ্ঠানে স্ত্রীআচার করার সময় আপনি কোন রঙের পোশাক পরবেন সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।সেই রংই আপনার দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস বয়ে আনতে পারে।স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, ভালবাসার বন্ধন অটুট থাকবে পোশাকের বাছাইয়ের উপর।

পোশাকের রং করবা চৌথে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ।প্রতিটি রং আলাদাভাবে আবেগ ও আকাঙ্ক্ষা প্রকাশ করে।বিবাহিত মহিলারা নিজের ভালবাসা, ভক্তি ও বিশ্বাসকে প্রকাশ করে এই রীতির মাধ্যমে।

এই বিশেষ দিনে কালো রঙের পোশাক পরবেন না।কালো রং মূলত অশুভ বলে মনে করা হয় যে কোনও শুভ অনুষ্ঠানে।এই রং মৃত্যু, শোক, নেগেটিভ এনার্জির প্রতীক হিসেবে পরিচিত হওয়ায়, করবা চৌথে কালো পোশাক পরলে আপনার দাম্পত্য জীবনে ঘনিয়ে আসতে পারে মনোমালিন্য ও অশান্তি।

হিন্দুধর্ম অনুযায়ী, সাদা রং শোক, অপ্রাপ্তি ও অশুভ বলে বিবেচিত হয়।সুতরাং করবা চৌথের মত শুভ তিথিতে সাদা রঙের পোশাক না পরাই ভাল।

এই শুভ অনুষ্ঠানে আপনি চাইলে উজ্জ্বল নীল রঙের পোশাক ও নানা অলঙ্কারের সঙ্গে পরতে পারেন।কিন্তু গাঢ় নীল রঙের পোশাক পরবেন না, এই রং প্রচন্ড নেগেটিভ শক্তিকে আকর্ষন করার ক্ষমতা রাখে।

বাদামী রঙের সঙ্গে সোনালী রঙের পোশাক এই অনুষ্ঠানে পরতে পারেন কিন্তু স্ত্রীআচার করার সময় এই রং পরবেন না।রাহু ও কেতুর ক্ষতিকর প্রভাবকে আকর্ষিত করে এই বাদামী রং।

ধূসর রঙের পোশাককে অশুভ ও নিস্তেজ রং হিসেবে ধরা হয়, তাই এই রং কোন উৎসবের মরসুমে না পরাই শ্রেয়। করবা চৌথে সবসময় উজ্জ্বল ও শুভ রঙের পোশাক পরার নিয়ম।

করবা চৌথে চেষ্টা করুন সবসময় লাল বা মেরুন রঙের পোশাক পরার।লাল রং গভীর ভালবাসা, ভক্তি ও পবিত্র রং হিসেবে ধরা হয়।এই দিনে আপনি লাল রঙের পোশাকের সঙ্গে সোনার গয়না ও সোনালী আভায় নিজেকে সাজিয়ে তুলতে পারেন নতুন ও সদ্যবিবাহিতদের মতো।গোলাপী রঙের পোশাকও বেছে নিতে পারেন।আবেগ, কোমলতা ও ভালবাসার বহন করে এই রঙের পোশাক।

হলুদ ও সবুজের মিলিত রঙের পোশাক করবা চৌথে খুব ভাল বার্তা বহন করে।সুখ, সমৃদ্ধি, আনন্দ, শুভ নতুন কিছু শুরুর প্রতীক হল হলুদ।জনন, উর্বরতা, শ্রীবৃদ্ধির প্রতীক সবুজ রং।এই দুয়ের মিলনে স্বামী স্ত্রীর মধ্যে ভালবাসার বন্ধন অটুট থাকে।