আজকাল ওয়েব ডেস্ক: আজ কৌশিকী অমাবস্যা। অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। দেবী কৌশিকীর নামে এই দিনটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। শাস্ত্র মতে, ভাদ্র মাসের এই তিথিতে অনেক কঠিন সাধনায় সিদ্ধিলাভ করা সম্ভব। কৌশিকী অমাবস্যাতেই তারাপীঠে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন।

কৌশিকী অমাবস্যা তন্ত্রসাধনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ভক্তরা বিশ্বাস করেন, এই দিন দেবী তারার শরণাপন্ন হলে জীবনের দুর্ভোগ কেটে যায়। তাই প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বহু ভক্ত ভিড় করেন। কিন্তু সকলে মন্দিরে গিয়ে দেবীর কাছে মনস্কামনা জানানোর সুযোগ পান না। সেই সকল ভক্তরা বাড়িতেই দেবীর পুজো করতে পারেন। কথিত রয়েছে, কৌশিকী অমবস্যার শুভ দিনে দেবী তারার পুজো করলে ভক্তদের তিনি খালি হাতে ফেরান না। যারা বাড়িতে পুজো করবেন, তাঁরা যেভাবে নিত্যপুজো হয়, সেইভাবেই পুজো করতে পারেন। চাইলে পুরোহিত সহ বাড়িতে পুজো করাতে পারেন। কিন্তু এই দিন যদি কেউ তান্ত্রিক মতে দেবীর পুজো করতে চান, তাহলে তাঁর অবশ্যই শক্তি মন্ত্রে বা তারা তন্ত্রে দীক্ষা থাকতে হবে। 

বাড়িতে কৌশিকী অমাবস্যায় পুজো করতে চাইলে, প্রথমে দেবীর যে ছবি বা মূর্তি থাকবে সেটিকে পরিষ্কার করতে হবে। সঙ্গে ঘরদোরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। স্নান করে দেবীর পুজো শুরু করুন। কৌশিকী অমাবস্যার সময় ঘরে এঁটো বাসন রাখা উচিত নয়। 

কৌশিকী অমাবস্যা তিথিতে নিরামিষ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কথিত রয়েছে, কৌশিকী অমাবস্যায় উপবাস রাখার পর দেবীর পুজো করলে তিনি প্রসন্ন হন। দেবীকে একটি লাল জবাফুলের মালা অর্পণ করার নিয়ম রয়েছে। চাইলে অন্যান্য ফুলমালাও দিতে পারেন। দেবীর ভোগে পাঁচ রকম মিষ্টি এবং পাঁচ রকম ফল দিন। তারপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভক্তিভরে দেবীর পুজো করতে হবে। পুজো শেষে দেবীর কাছে নিজের মনস্কামনা জানান। সামর্থ্য বাড়িতে যজ্ঞও করাতে পারেন। 

আজ সোমবার ভোর ৫টা ৫ মিনিটে অমাবস্যা পড়ছে। আগামীকাল ভোর ৬টা ২৯ মিনিটে ছেড়ে যাবে অমাবস্যা। কথিত রয়েছে, ভাদ্র মাসের এই তিথিতে এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য দরজা খুলে যায়। তাই যারা সিদ্ধি লাভ করতে চান তাঁদের জন্য আজকের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ।