রোজা মানেই ইফতারে একটু বিশেষ আয়োজন। সারাদিন উপোসের পর ঠান্ডা পানীয় বা ডেসার্ট খেতে বেশ ভাল লাগে। তাই ইফতারে সহজেই বানিয়ে নিতে পারেন সাবুদানার ফ্রুট ড্রিঙ্ক। এটি একদিকে যেমন সুস্বাদু, তেমন স্বাস্থ্যকরও। চাইলে এটিকে ড্রিঙ্ক বা ডেসার্ট—দুইভাবেই খাওয়া যায়।

উপকরণঃ ছোট সাবুদানা – ৩/৪ কাপ, দুধ – ১ লিটার, ঠান্ডা দুধ – হাফ কাপ, ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার – ২ টেবিল চামচ, গুঁড়ো দুধ – ৪ টেবিল চামচ
চিনি – ৩/৪ কাপ, ফল – কালো ও সবুজ আঙুর, কলা, স্ট্রবেরি, আপেল, বেদানা 

প্রণালীঃ প্রথমে একটি প্যানে জল ফুটতে দিন। জল ফুটে উঠলে তাতে সাবুদানা দিয়ে নাড়তে থাকুন। প্রায় ১০–১২ মিনিট পর সাবুদানা সেদ্ধ হয়ে এলে গ্যাস বন্ধ করে ছেঁকে নিন। এরপর সঙ্গে সঙ্গে সাবুদানার ওপর ঠান্ডা জল ঢেলে দিন যাতে তা জমাট না বেঁধে যায়। ভাল করে নেড়ে ছাঁকনিতে কিছুক্ষণ রেখে দিন। এতে অতিরিক্ত জল বেরিয়ে যাবে।

এবার একটি বাটিতে কাস্টার্ড পাউডার নিয়ে তাতে ঠান্ডা দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। অন্যদিকে, একটি প্যানে এক লিটার দুধ বসিয়ে তাতে গুঁড়ো দুধ দিয়ে নাড়তে থাকুন। দু’ধরনের দুধ ভালভাবে মিশে গেলে গ্যাস জ্বালিয়ে মাঝারি থেকে কম আঁচে ফুটতে দিন। এরপর চিনি দিয়ে মিশিয়ে নিন। ধীরে ধীরে কাস্টার্ডের মিশ্রণটি দুধের মধ্যে ঢালতে হবে। কাস্টার্ড দেওয়ার সময় ৩–৪ মিনিট একটানা নাড়তে থাকুন, যাতে দানা না হয়। দুধ একটু গাঢ় হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। তারপর দুধ ঠান্ডা করে একটি বড় পাত্রে নিন। চাইলে ফ্রিজেও কিছুক্ষণ রেখে ঠান্ডা করতে পারেন।

দুধ ঠান্ডা হয়ে গেলে তাতে সেদ্ধ করা সাবুদানা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর পুরো মিশ্রণটি প্রায় এক ঘণ্টা ফ্রিজে রাখুন। পরিবেশনের আগে ফ্রেজ থেকে বের করে এতে পছন্দমতো ফল যেমন কালো ও সবুজ আঙুর, কলা, স্ট্রবেরি, আপেল বা বেদানা মিশিয়ে দিন। সব ফল একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা, সুস্বাদু সাবুদানার ফ্রুট ড্রিঙ্ক বা ডেসার্ট, যা ইফতারের টেবিলে এনে দেবে আলাদা স্বাদ।