সম্পর্কে ভালবাসা এবং বিশ্বাসের পাশাপাশি অর্থনৈতিক স্বচ্ছতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে অনেক দাম্পত্য সম্পর্কেই অর্থ নিয়ে গোপনীয়তা, অসম দায়িত্ব বা লুকোনো খরচের মতো সমস্যা দেখা যাচ্ছে।


বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের আচরণ দীর্ঘদিন চলতে থাকলে তা 'ফিনান্সিয়াল চিটিং' বা আর্থিক প্রতারণার রূপ নিতে পারে। এমন পাঁচটি লক্ষণ রয়েছে, যা দেখলে বোঝা যেতে পারে যে সম্পর্কে অর্থনৈতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।


সবচেয়ে সাধারণ সমস্যা হল সংসারের সব খরচ একজনের উপর চাপিয়ে দেওয়া। বাড়িভাড়া, ইএমআই, বাজার, বিদ্যুৎ বিল, সন্তানের পড়াশোনা থেকে শুরু করে প্রায় সব খরচ যদি একজনই বহন করেন এবং অন্যজন নিজের উপার্জন পুরোপুরি আলাদা রাখেন, তাহলে ধীরে ধীরে সম্পর্কে অসন্তোষ তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, সংসার দু’জনের হলে দায়িত্বও ভাগ করে নেওয়া উচিত। 


আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল নিজের পরিবারের জন্য উদারভাবে খরচ করা হলেও সঙ্গীর পরিবারের জন্য খরচে আপত্তি করা। অনেক ক্ষেত্রেই দেখা যায়, একজন নিজের বাবা-মা বা ভাইবোনকে নিয়মিত সাহায্য করছেন, কিন্তু সঙ্গী একই কাজ করলে তা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে। এতে সম্পর্কে মানসিক দূরত্ব বাড়ে।


সঙ্গীর অজান্তে আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখা, গোপনে ঋণ নেওয়া বা অতিরিক্ত অনলাইন শপিং করাও আর্থিক প্রতারণার মধ্যে পড়ে। কারণ এই ধরনের গোপনীয়তা ভবিষ্যতে বড় আর্থিক সমস্যার কারণ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, বড় আর্থিক সিদ্ধান্ত কখনও সঙ্গীর অজান্তে নেওয়া উচিত নয়।


এছাড়াও অনেক সময় আবেগকে ব্যবহার করে অপ্রয়োজনীয় খরচ করানোর প্রবণতাও দেখা যায়। যেমন দামী জিনিস কিনতে চাপ দেওয়া, বিলাসী জীবনযাপনের জন্য মানসিক চাপ তৈরি করা বা খরচ নিয়ে প্রশ্ন তুললে অপমান করা। এই ধরনের আচরণও সম্পর্কে অশান্তি বাড়ায়।


বিশেষজ্ঞরা সতর্ক করেন ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা নিয়ে অস্পষ্টতা সম্পর্কেও। বাড়ি কেনা, সন্তানের ভবিষ্যৎ, চিকিৎসা বা সঞ্চয়—এসব বিষয়ে যদি দু’জনের মধ্যে স্পষ্ট আলোচনা না থাকে, তাহলে ভবিষ্যতে সমস্যা আরও জটিল হতে পারে


মনোবিদ এবং সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, টাকাপয়সা নিয়ে খোলামেলা আলোচনা করা কোনও অস্বস্তির বিষয় নয়। বরং সুস্থ দাম্পত্য জীবনের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয়। কারণ অর্থনৈতিক স্বচ্ছতা না থাকলে ধীরে ধীরে বিশ্বাসের জায়গায় সন্দেহ তৈরি হয়, আর সেই প্রভাব পড়ে পুরো সম্পর্কের উপর।