ভারতীয় পরিবারে একটি খুব পরিচিত রীতি হল, কোনও গুরুত্বপূর্ণ কাজে বেরনোর আগে এক চামচ দই-চিনি খাওয়া। পরীক্ষা, ইন্টারভিউ, নতুন চাকরি বা বিশেষ কোনও কাজে যাওয়ার আগে বাড়ির বড়রা প্রায়ই এই অভ্যাস মানতে বলেন। কিন্তু এর পিছনে আসলে কী কারণ রয়েছে? শুধু বিশ্বাস, নাকি এর কিছু বাস্তব উপকারও রয়েছে? আসুন জেনে নেওয়া যাক-

প্রথমেই আসা যাক, প্রচলিত বিশ্বাসের কথায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দই এবং চিনি দুটোই শুভ উপাদান। দইকে চন্দ্রের প্রতীক ধরা হয়, যা মনের শান্তি ও স্থিরতার সঙ্গে জড়িত। 

অন্যদিকে চিনি শুক্রের সঙ্গে যুক্ত, যা সুখ, সৌন্দর্য ও সমৃদ্ধির প্রতীক। তাই এই দুই একসঙ্গে খেলে ইতিবাচক শক্তি বাড়ে এবং কাজ সফল হওয়ার সম্ভাবনা বাড়ে, এমনটাই মনে করা হয়।

এবার আয়ুর্বেদের দিকটা দেখা যাক। আয়ুর্বেদ মতে, দই শরীরকে ঠান্ডা রাখে এবং হজমে সাহায্য করে। বিশেষ করে গরমকালে এটি শরীরকে স্বস্তি দেয়। 

অন্যদিকে চিনি শরীরে দ্রুত শক্তি যোগায়। এতে থাকা গ্লুকোজ মুহূর্তের মধ্যে এনার্জি বাড়ায়, ফলে শরীর ও মস্তিষ্ক দুটোই সক্রিয় থাকে। তাই গুরুত্বপূর্ণ কোনও কাজের আগে এটি খেলে শরীর প্রস্তুত থাকে।

বিজ্ঞানসম্মত দিক থেকেও এর কিছু ব্যাখ্যা রয়েছে। দইয়ে থাকে প্রোটিন, ক্যালসিয়াম ও উপকারী ব্যাকটেরিয়া, যা শরীরের জন্য ভালো। এটি হজম শক্তি বাড়ায় এবং পেটকে সুস্থ রাখে। 

অন্যদিকে চিনি দ্রুত এনার্জি দেয়, ফলে ক্লান্তি কমে এবং মনোযোগ বাড়ে। পরীক্ষার আগে বা চাপের পরিস্থিতিতে এটি খাওয়া কিছুটা উপকার দিতে পারে।

এছাড়াও এই অভ্যাসের একটি মানসিক দিক রয়েছে। ছোটবেলা থেকে শুনে আসা এই রীতি অনেকের মনে আত্মবিশ্বাস তৈরি করে। দই-চিনি খেয়ে বেরলেই মনে হয়, সবকিছু ভাল হবে। এই ইতিবাচক ভাবনা অনেক সময় কাজের ফলেও প্রভাব ফেলে।

সবমিলিয়ে দই-চিনি খাওয়ার এই রীতি শুধু কুসংস্কার নয়। এর মধ্যে রয়েছে সংস্কৃতি, স্বাস্থ্য এবং মানসিক প্রস্তুতির একটি সুন্দর মিশ্রণ। তাই আজও বহু মানুষ গুরুত্বপূর্ণ কাজে বেরনোর আগে এই ছোট্ট অভ্যাসটি মেনে চলেন।