সকালে তাড়াতাড়ি ওঠা কি সত্যিই সুস্থ থাকার গোপন রহস্য? অনেকে মনে করেন, ভোরে উঠলেই শরীর ভাল থাকে, মনও থাকে ফুরফুরে আর কাজও বেশি করা যায়। কিন্তু আসল সত্যিটা একটু অন্যরকম।
আমাদের শরীরে একটি প্রাকৃতিক ঘড়ি থাকে, যাকে বলা হয় 'বডি ক্লক' বা সার্কাডিয়ান রিদম। এই ঘড়িই ঠিক করে আমরা কখন ঘুমাবো আর কখন উঠবো। তবে সকলে একই রকম নন। কেউ খুব সকালে উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আবার কেউ রাত জেগে কাজ করতে বেশি আরাম পান।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু ভোরে ওঠাই স্বাস্থ্যকর জীবনের চাবিকাঠি নয়। বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আপনি প্রতিদিন কত ঘণ্টা ঘুমোচ্ছেন এবং সেই ঘুম কতটা ভাল হচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুম দরকার। যদি কেউ দেরিতে ঘুমিয়ে খুব ভোরে উঠে পড়েন, তাহলে শরীরে ঘুমের ঘাটতি তৈরি হয়। এর ফলে সারাদিন ক্লান্তি, মাথা ঝিমঝিম, মনোযোগ কমে যাওয়া-এসব সমস্যা দেখা দিতে পারে।
দীর্ঘদিন ধরে ঠিকমতো ঘুম না হলে শরীরের উপর খারাপ প্রভাব পড়ে। যেমন ওজন বাড়তে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, এমনকি হার্টের সমস্যার ঝুঁকিও বাড়ে। তাই কম ঘুমিয়ে শুধু ভোরে ওঠা মোটেই ভাল অভ্যাস নয়।
তবে ভোরে ওঠার কিছু ভাল দিকও আছে। সকালে পরিবেশ শান্ত থাকে, তাই পড়াশোনা বা কাজের জন্য মনোযোগ বেশি পাওয়া যায়। অনেকেই সকালে ব্যায়াম, যোগব্যায়াম বা হাঁটাহাঁটি করেন, যা শরীরের জন্য খুব উপকারী। এছাড়া সকালের রোদ শরীরে পড়লে মন ভাল থাকে এবং ঘুমের রুটিনও ঠিক রাখতে সাহায্য করে।
অন্যদিকে, যারা একটু দেরিতে ওঠেন, তারাও যদি নিয়ম মেনে পর্যাপ্ত ঘুম নেন, তাহলে সুস্থ থাকতে পারেন। অর্থাৎ, 'ভোরে উঠতেই হবে'—এমন কোনও বাধ্যতামূলক নিয়ম নেই।
সবচেয়ে ভাল অভ্যাস হল, প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময়ে ওঠা। ঘুমের আগে মোবাইল বা টিভি কম ব্যবহার করা, হালকা খাবার খাওয়া এবং আরামদায়ক পরিবেশে ঘুমানো-এগুলোও খুব গুরুত্বপূর্ণ।
সবমিলিয়ে বলা যায়, ভোরে ওঠা ভাল হতে পারে, কিন্তু সেটাই সব নয়। আসল কথা হল, ভাল, পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম। আপনার শরীরের সঙ্গে মানানসই রুটিনটাই সবচেয়ে স্বাস্থ্যকর।















