সামনেই চাকরির ইন্টারভিউ? টেনশনে রয়েছেন? নিশ্চিন্ত মনে প্রস্তুতি নিন। কেবল খেয়াল রাখুন এই একটি বিষয়ে। ভুলেও বেছে নেবেন না সকাল ১১ টার স্লট। এমনকী এইচআর থেকে দেওয়া হলেও সেটা বদলানোর চেষ্টা করুন। জানুন কেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক কেরিয়ার কনসালট্যান্ট একটি পোস্ট করেছেন এই বিষয়ে। তিনি তাঁর সেই ভিডিওতে বলেছেন যখন কোনও কোম্পানির এইচআর চাকরির কোনও আবেদনকারীকে ইন্টারভিউয়ের স্লট বেছে নিতে বলেন তখন কখনই সেই ব্যক্তির সকাল ১১ টার স্লট বেছে নেওয়া উচিত নয়।
কেন? কারণ সকালের এই স্লট বেছে নিলে একাধিক ফ্যাক্টর কাজ করে। প্রথমত সকাল থেকে একের পর এক মিটিং চলে, তার মধ্যে কিছু ফ্রুটফুল হয়, কিছুর ফলাফল আশাব্যঞ্জক হয় না। জরুরি কাজের চাপ থাকে। কাজের জায়গা সংক্রান্ত কোনও ইস্যু তৈরি হতে পারে। সবটা নিয়ে এইচআর ঘেঁটে থাকতে পারে। আবার এই সময় অনেকেরই খিদে পেয়ে যায়। মন তখন কফি বা লাঞ্চ ব্রেকের দিকেই থাকে। ক্যান্ডিডেট কী বলছেন না বলছেন সেটা গুরুত্ব দিয়ে শোনা হয় না। এছাড়া আরও একটি কারণ রয়েছে। সকালে যাঁরা এই সময় ইন্টারভিউ দেন তাঁরা কেমন কী বললেন, তাঁদের প্লাস পয়েন্ট, মাইনাস পয়েন্ট পরের ক্যান্ডিডেটদের সঙ্গে কথা বলতে বলতে যিনি ইন্টারভিউ নিচ্ছেন তিনি ভুলে যেতেই পারেন। তাহলে কী করণীয়?
চেষ্টা করুন লাঞ্চের পরের কোনও সময়ে ইন্টারভিউ দিতে যাওয়ার। এই সময় কাজের চাপ কম থাকে। খাওয়া দাওয়াও হয়ে যায়। ফলে সবটা মিলিয়ে সময়টা আপনার সহায়ক হতে পারে।
তবে এই কেরিয়ার কনসালট্যান্ট যেটা দাবি করেছেন সেটা অনেকে সমর্থন করেছেন, অনেকে আবার বিরোধিতাও করেছেন। যাঁরা বিরোধিতা করেছেন তাঁদের দাবি, প্রস্তুতি সঠিক থাকলে, সমস্ত প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিলে সময়টা কখনই ম্যাটার করবে না। ভাল ইন্টারভিউ দিলে আপনি যোগ্য ক্যান্ডিডেট হবেনই।















