আজকাল ওয়েবডেস্ক: কোল্ডপ্লের কনসার্ট চলাকালীন ‘কিস ক্যাম’–এ ধরা পড়া এক জুটিকে নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক হইচই পড়ে যায়। সেই ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাস্ট্রোনমার কোম্পানির সিইও অ্যান্ডি বায়রনের স্ত্রী মেগান কেরিগান নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে স্বামীর নাম সরিয়ে ফেলেন। এরপর থেকেই জল্পনা শুরু হয়, বিচ্ছেদের পথেই হাঁটছেন এই দম্পতি। নিউ ইয়র্ক পোস্ট সূত্রে জানা গিয়েছে, যদি সত্যিই বিবাহবিচ্ছেদ হয়, তবে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বিবাহ আইনের কারণে মেগান কেরিগান পেতে পারেন স্বামীর মোট সম্পদের অর্ধেক অংশ, যা ২০ মিলিয়ন থেকে ৭০ মিলিয়ন ডলারের মধ্যে হতে পারে।

ম্যাসাচুসেটসের আইন অনুযায়ী, সাত বছরের বেশি সময় ধরে বিবাহিত দম্পতিদের মধ্যে যৌথ সম্পত্তির সমান ভাগ হয়। পরিবার ও বিবাহ আইন বিশেষজ্ঞ ন্যান্সি চেমটোব জানিয়েছেন, ‘এটা স্পষ্টভাবে দীর্ঘমেয়াদী একটি সম্পর্ক। কিন্তু এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে তাদের সন্তানরা। সন্তানদের কাউন্সেলিং, আলাদা আবাসন ইত্যাদি বিষয় নিয়ে অনেক খরচ হতে পারে’। অন্যদিকে, কনসার্টে যাঁর সঙ্গে অ্যান্ডি বায়রন ধরা পড়েন, তিনি প্রাইভেটিয়ার রামের মালিক অ্যান্ড্রু ক্যাবটের স্ত্রী বলে জানা গিয়েছে।

তবে তাঁদের বিবাহিত সম্পর্ক তুলনামূলকভাবে কম সময়ের, তাই আর্থিক দিক থেকে বিচ্ছেদ হলেও ক্যাবটের দিক থেকে বড় প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি বস্টনের গিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কোল্ড প্লে-ব্যান্ডের কনসার্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। অ্যাস্ট্রোনমার এর সিইও অ্যান্ডি বায়রন এবং কোম্পানির এইচআর হেড ক্রিস্টিন ক্যাবটকে একসঙ্গে দেখা যায় কিস ক্যামে। কিন্তু ক্যামেরা তাদের দিকে তাক করতেই দু’জনই তড়িঘড়ি মুখ লুকিয়ে ফেলেন। অ্যান্ডি ফ্রেম থেকে মুখ সরিয়ে নেন, আর ক্যাবট নিজের মুখ হাত দিয়ে ঢেকে ক্যামেরার দিক থেকে সরে যান। এমন প্রতিক্রিয়ায় মজা করে ক্রিস মার্টিন বলেন, ‘তারা হয়তো খুব লাজুক, নয়তো হয়তো অন্য কারো সঙ্গে সম্পর্কে আছে’!

এই মন্তব্য ও মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়, নানা রকম প্রতিক্রিয়া উস্কে দেয়। অ্যান্ডি বায়রন বর্তমানে অ্যাস্ট্রোনমার এর সিইও। তাঁর লিঙ্কড ইন প্রোফাইল অনুযায়ী, তিনি এর আগে একাধিক প্রতিষ্ঠানে উচ্চ পদে ছিলেন। তিনি বিবাহিত, স্ত্রী মেগান কেরিগান বায়রন একজন অ্যাসোসিয়েট ডিরেক্টর, এবং তাঁরা নিউ ইয়র্কে তাঁদের দুই সন্তানকে নিয়ে বসবাস করেন। অন্যদিকে, ক্রিস্টিন ক্যাবট অ্যাস্ট্রোনমার এবং অ্যাস্ট্রোর মতো ডেটা অর্কেস্ট্রেশন প্ল্যাটফর্মের মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে রয়েছেন। এই ঘটনাটি নিয়ে এখনও সংস্থা বা অ্যান্ডি বায়রনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এই কাণ্ডের জেরে অ্যাস্ট্রোনমার কোম্পানি দু’জনকেই ছুটিতে পাঠায়। পরে শনিবার সন্ধ্যায় অ্যান্ডি বায়রন পদত্যাগপত্র জমা দেন।