আজকাল ওয়েবডেস্ক: হাতে আর বেশি সময় নেই। গোটা অযোধ্যা জুড়ে এখন ব্যস্ততা তুঙ্গে। ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে রাম মন্দির। আসন্ন এই উদ্বোধনকে ঘিরে সকলেরই আগ্রহ তুঙ্গে। এবার পথে নেমে শহরের নিকাশী নালাগুলিকে পরিষ্কারের কাজে হাত লাগালেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। হাতে দস্তানা, মুখে মাস্ক পরে তাঁকে দেখা গেল শহরের আবর্জনাগুলি নিজের হাতে পরিষ্কার করতে। গোটা অযোধ্যার আনাচে কানাচে যাতে কোনও আবর্জনা যাতে না থাকে সেদিকে জোর দিতেই একেবারে পথে নেমে কাজ করলেন উত্তরপ্রদেশে উপ মুখ্যমন্ত্রী। উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যেই নতুনভাবে সাজানো হয়েছে বিমানবন্দরকে। শহরের বিভিন্ন দোকানগুলিতেও নতুনত্বের ছোঁয়া। গোটা এলাকা সরেজমিনে খতিয়ে দেখেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবারই নতুন বিমানবন্দর এবং রেল স্টেশনের উদ্বোধন করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।