আজকাল ওয়েবডেস্ক: পড়ুয়ারা স্কুলে যায় পড়াশোনার জন্য। বড় হওয়ার পথের আরও নানাবিধ বিষয়ে শিক্ষা দেন শিক্ষক-শিক্ষিকারা। কিন্তু সেই পড়ুয়ারাই স্কুলে গিয়ে বাধ্য হল সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। ভয়াবহ এই ঘটনা ঘটেছে কর্ণাটকের কোলারের মোরারজি দেশাই আবাসিক স্কুলে। ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ওই স্কুলে মোট পড়ুয়ার সংখ্যা ২৪৩, যার মধ্যে ১৯ জন ছাত্রী। ওই স্কুলের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও আজকাল ডট ইন ওই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি। তবে প্রকাশ পাওয়া ওই ভিডিও গুলির একটিতে দেখা গিয়েছে আবাসিক স্কুলের চার পড়ুয়াকে দিয়ে পরিষ্কার করানো হচ্ছে সেপটিক ট্যাঙ্ক। অভিযোগ, শাস্তি হিসেবে তাদের দিয়ে এই কাজ করিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে অপর আর একটি ভিডিওতে দেখা গিয়েছে , শাস্তি হিসেবে পড়ুয়াদের পিঠে ভারী ব্যাগ দিয়ে তাদের হাঁটু মুড়ে বসে থাকতে বাধ্য করা হয়েছে। সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের ভিডিও প্রকাশ্যে আসতেই ওই আবাসিক স্কুলের প্রধান শিক্ষিকা সহ আরও এক শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাজ থেকে বরখাস্ত করা হয়েছে।