আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপেলকে সাফ জানিয়েছেন, আর দ্রব্যাদি উৎপাদনের বিষয়ে ভারতে সময় না দিয়ে মনযোগ থাকুক আমেরিকাতেই। নিজেই একথা জানিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার দোহায় একথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

কী বলছেন ডোনাল্ড ট্রাম্প? এদিন তিনি জানান, টিম কুককে সাফ জানিয়েছেন, আর ভারতে অ্যাপেলের সামগ্রী তৈরির প্রয়োজন নেই। তিনি বলেন, ‘অ্যাপেল সারা ভারতে নির্মাণ করছে। আমি টিমকে বলেছি, ভারতে আপনারা যে সংস্থা তৈরি করেছেন, তাতে আমরা আগ্রহী নই।‘ ভারত নিজেরাই নিজেদের বিষয়ে যত্ন নিতে পারবে, নিজেদের বিষয়ে উদ্যোগী হতে পারবে বলে জানান তিনি। বুধবার অ্যাপেল কর্ণধার টিম কুকের সঙ্গে কথা হয় ট্রাম্পের।  

যদিও ট্রাম্পের এই বক্তব্যের পর, এখনও পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ওয়াকিবহাল মহলের মতে, ট্রাম্পের এই নির্দেশ কার্যকর হওয়ার অর্থ, ভারত থেকে সরে যাবে অ্যাপেলের সংস্থা। তাতে আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, ইয়ারপড যেগুলি ভারতে তৈরি করে অ্যাপেল সংস্থা, সেগুলি আর এদেশে প্রস্তুত হবে না। বদলে আমদানি করতে হবে অন্য দেশ থেকে। তাতে ভারতে এগুলির দাম বাড়ার আশঙ্কা রয়েছে। উল্লেখ্য, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে, বৃহস্পতিবার ট্রাম্প জানান, ভারত নিঃশুল্ক বাণিজ্যচুক্তির প্রস্তাব দিয়েছিল আমেরিকাকে। 

উল্লেখ্য, গত অর্থবছরের ১২ মাসে এদেশে সংস্থার অ্যাসেম্বলি লাইন ২২ বিলিয়ন ডলার মূল্যের স্মার্টফোন তৈরি করেছে। মার্কিন-ভিত্তিক এই সংস্থা আগের বছরের তুলনায় ভারতে ৬০ শতাংশ বেশি আইফোন তৈরি করেছে।