আজকাল ওয়েবডেস্ক: দেশের চাষবাসে এ বার বড়সড় রদবদল চায় সুপ্রিম কোর্ট। বছরের পর বছর ধরে চলা ধান ও গমের 'চিরাচরিত' বৃত্ত থেকে বেরিয়ে কৃষকদের বিকল্প চাষে, বিশেষ করে ডালজাতীয় শস্য উৎপাদনে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় সরকারকে নতুন নীতি তৈরির পরামর্শ দিল শীর্ষ আদালত।

শুক্রবার কিষাণ মহাপঞ্চায়েতের দায়ের করা একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন তোলেন, দেশে বর্তমানে যে বিপুল পরিমাণ ধান ও গম উৎপন্ন হচ্ছে, আদতে তার প্রয়োজনীয়তা কতটা? তাঁর কথায়, "আমাদের খতিয়ে দেখতে হবে ঠিক কতটা ধান ও গমের প্রয়োজন। এখন শুধু গমই শেষ কথা নয়। ধান-গমের মোহ কাটিয়ে এ বার অন্য ফসলের দিকে এগোনোর সময় এসেছে।"

আদালতের পর্যবেক্ষণ, উত্তর ও মধ্য ভারতে ধান-গমের বিকল্প হিসেবে ডাল চাষের প্রসার ঘটানো জরুরি। একই ভাবে দক্ষিণ ভারতেও অন্যান্য ফসলের বদলে ডাল চাষের উপরে জোর দিতে হবে। তবে এই লক্ষ্য পূরণ করতে গেলে কৃষি মন্ত্রকের সঙ্গে সরকারের অন্যান্য মন্ত্রকের সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করে আদালত।

শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, চাষিদের বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের বিকল্প চাষে টানতে গেলে পর্যাপ্ত সহায়ক মূল্য নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে ডাল যাতে সঠিক সময়ে বিক্রি করা যায়, সেই ব্যবস্থাও করতে হবে কেন্দ্রকে। বাইরে থেকে আসা ‘হলুদ মটর’-এর দাম এমন ভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে এ দেশের ডাল চাষিরা লোকসানের মুখে না পড়েন।

উল্লেখ্য, ২০২৬ সাল পর্যন্ত বিদেশ থেকে শুল্কহীন হলুদ মটর আমদানির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এই সিদ্ধান্তের জেরেই দেশের বাজারে ডালের দাম পড়ে যাচ্ছে এবং চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কার্যত এই অভিযোগেই মামলাটি দায়ের হয়েছিল। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে অতিরিক্ত সলিসিটর জেনারেলকে সব পক্ষের সঙ্গে বৈঠক করার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতিদের আশা, আলোচনার মাধ্যমে সরকার এমন এক নতুন নীতি আনবে যা কৃষকদের প্রথাগত চাষ ছেড়ে নতুন দিশা দেখাতে সাহায্য করবে।