নিজস্ব সংবাদদাতা: ধর্মেন্দ্রর প্রেমে হেমা মালিনী। এক অন্যরকম প্রেমের গল্প বলতে আসছে পারমিতা মুন্সীর আগামী ছবি 'হেমা মালিনী'। মুখ্য চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় দেখা যাবে নবাগতা পাপিয়া রাও'কে। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা চিরঞ্জীত চক্রবর্তীকে। ছবিতে ডাক্তার 'ধর্মেন্দ্র'-এর চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। অন্যদিকে নিজেকে হেমা মালিনী মনে করেন নায়িকা। তাই নিজের নাম 'মালিনী' থেকে বদলে 'হেমা মালিনী' রেখেছেন তিনি। তাঁর এই আচরণে সমাজের চূড়ান্ত কটুক্তির মুখে পড়তে হয় তাঁকে। নিজেকে সুস্থ করে তুলতে ডাক্তার 'ধর্মেন্দ্র'র কাছে যান তিনি। এরপরেই এক অনন্যরকম প্রেম কাহিনী ফুটে ওঠে ছবির গল্পে। 

'হেমা মালিনী'র বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। ছবিতে তাঁর চরিত্রের নাম 'শান্তা'। উচ্চবিত্ত পরিবারের মালকিন তিনি। কথায় কথায় 'হেমা মালিনী'কে অপমান করতে দেখা যায় তাঁকে। রগচটা মেজাজি চরিত্রে অভিনয় প্রসঙ্গে আজকাল ডট ইন-কে পাপিয়া অধিকারী জানান, "এরকম চরিত্র নতুন নয়, আমরা চারপাশে এই ধরণের মানুষ রোজ দেখতে পাই। তাই আমার কাছে চরিত্রটি খুব বাস্তবিক। পারমিতা (পারমিতা মুন্সী) আমার খুব কাছের বান্ধবী। তাই ওঁর ছবিতে কাজ করা মানে নিজের ছবিতেই অভিনয় করা বলে মনে হয়। আমি আশাবাদী ছবিটা দর্শকের পছন্দ হবে।" 

ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন কাঞ্চনা মৈত্র, পিয়ালি মুন্সি, ভাস্বর চট্টোপাধ্যায়, সুজয় বিশ্বাস, পাপিয়া রাও, ঋতুপর্ণা দে। এই ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দেবলীনা দত্তকে। ছবির প্রোডাকশন পরবর্তী কাজ ইতিমধ্যেই শেষ। খুব তাড়াতাড়ি দর্শকের কাছে আসতে চলেছে 'হেমা মালিনী'।