বিয়ের বাসরে পৌঁছনোর আগেই চরম বিপদ! বিয়ের আগেই হবু স্বামীকে হারাল কনে। সম্প্রতি, এই দৃশ্যই দেখা গিয়েছে জি বাংলার ধারাবাহিক 'কমলা নিবাস'-এর নতুন প্রোমোতে। দেখা যাচ্ছে বিয়ের দিন সবাই সেজেগুজে তৈরি। পল্লবীও কনের বেশে মণ্ডপে এসে হাজির। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই সৌরভের আসতে দেরি হচ্ছে। এদিকে লগ্ন পেরিয়ে যাচ্ছে দেখে হবু বরকে ফোন করে পল্লবী। জানতে চায় সে কোথায় আছে? 

সৌরভ গাড়ি চালাতে চালাতেই ফোনের ওপার থেকে জবাব দেয়, সে রাস্তায় আছে খুব তাড়াতাড়ি পৌঁছচ্ছে। আর বিয়ের আগেই পল্লবীর জন্য সে একটা সারপ্রাইজ আনছে। পল্লবী সারপ্রাইজের কথা জানতে চাইলে সৌরভ তাকে বলে সেটা দেখা করেই সে পল্লবীকে দেবে। ফোনে কথা বলতে বলতেই সৌরভ দেখে বাঁ দিক থেকে আচমকা একটা ট্রাক আসছে। গাড়ি কন্ট্রোলে আনার আগেই সজোরে ধাক্কা লাগে। ছিটকে পড়ে যায় সৌরভ। তার মায়েরও ভয়ঙ্কর আঘাত লাগে, লুটিয়ে পড়ে সে-ও।

এরপর পল্লবীর বোন ঝিনুকের কলেজের এক বন্ধু এসে সৌরভের অ্যাক্সিডেন্টের খবর বিয়ের মণ্ডপে এসে দেয়। চমকে ওঠে কমলা, শ্রীনিবাস ও পল্লবী।‌কী হবে এবার? উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।

প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন পরমব্রত চ্যাটার্জি। তাঁকে দেখা যাচ্ছে দেবাদৃতা বসুর সঙ্গে। গল্পে পরমব্রতর নাম 'সৌরভ'। অন্যদিকে দেবাদৃতাকে দেখা যাচ্ছে 'পল্লবী'র চরিত্রে। আগেই খবর এসেছিল দেবাদৃতার নায়ক নাকি পরমব্রত নন, অন্য কেউ। দেবাদৃতাকে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতা ঋদ্ধিষ চৌধুরীর সঙ্গে। ইতিমধ্যেই ধারাবাহিকে ঋদ্ধিষের চরিত্রের ঝলক দেখা গিয়েছে। তাঁর চরিত্রের নাম 'আদিত্য'। 

রাজনীতির সঙ্গে যুক্ত আদিত্যর পরিবার। আর সে বাউন্ডুলে ছেলে। কীভাবে পল্লবীর সঙ্গে আলাপ হবে তার, সেটাই দেখার। টলিপাড়ার অন্দরের খবর, পল্লবীর কুষ্ঠিতে যেহেতু দোষ রয়েছে, তাই সৌরভের সঙ্গে বিয়ে হতে গিয়ে এমন অঘটন ঘটবে। আর তারপরেই আদিত্যর সঙ্গে পল্লবীর জুটি দেখানো হবে। অর্থাৎ, পরমব্রত এই ধারাবাহিকে ক্যামিও চরিত্রে রয়েছেন। খুব বেশিদিন আর তাঁকে দেখা যাবে না।