বারাসত কাল্পিকের আয়োজনে বছরের শেষে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় নাট্যোৎসব নাট্যভাষা। এই আয়োজনের প্রথম পর্যায়ে দেশ ও বিদেশের বিভিন্ন নাট্যদল অংশ নেয়। গত ৩১ ডিসেম্বর নাট্য উৎসবের শুরুতে সন্ধ্যা সাড়ে ছ’টায় বেগুসরাই, বিহারের আশির্বাদ রঙ্গমণ্ডলের ‘পশমিন’ মঞ্চস্থ হয়। 

এদিনই সন্ধ্যা ৭.৪৫ মিনিটে বারাসত স্পন্দনের প্রযোজনা ‘এ কোন আলো’ মঞ্চস্থ হয় এই নাট্যোৎসবে, প্রযোজনা করে বারাসত স্পন্দন নাট্যদল। এর পরের দিন, ১ জানুয়ারি, ২০২৬ ন্যাজাট সুন্দরবন নাট্য উৎসব কমিটির প্রযোজনা ‘ভুল রাস্তা’ মঞ্চস্থ হয় সন্ধ্যা সাড়ে ছ’টায়। এদিন সন্ধ্যা সাতটায় বারাসত কাল্পিক নাট্যদলের প্রযোজনা ‘আজব লাইব্রেরী’ মঞ্চস্থ হয়, দেবব্রত ব্যানার্জির নির্দেশনায়। এরপর ২ জানুয়ারি, ২০২৬, সন্ধ্যা ছ’টায় বারাসত কাল্পিকের কর্মশালা ভিত্তিক নাট্য প্রযোজনা ‘আজকের পালা’ অনুষ্ঠিত হয়। সাড়ে ছ’টায় অনুষ্ঠিত হয় উত্তরপ্রদেশের আধারশিলা (রঙ্গ মণ্ডল) দলের ‘মায়ারাম কী মায়া’, তারপর স্বপ্নচর থিয়েটার গ্রুপের ‘নটবর’ নাটকটি অনুষ্ঠিত হয়। 

এই নাটকের উৎসবে উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্দেশক অমিত রোশন। ছিলেন কলকাতা থিয়েটার গাইডের তমাল সেন। শিক্ষক উত্তম সাহা, শিক্ষক ও পরিবেশ কর্মী অরিন্দম দে এবং বারাসত নাগরিক থিয়েটারের সংগঠক সুভাষচন্দ্র মুখার্জি।

দীর্ঘদিন ধরে কলকাতা থেকে দীর্ঘ দূরত্বে থেকেও রাজ্যের থিয়েটার মানচিত্রে এক উল্লেখযোগ্য নাম বারাসত কাল্পিক। সম্প্রতি এই দল হারুকি মুরাকামির ‘স্ট্রেঞ্জ লাইব্রেরি’ নির্ভর ‘আজব লাইব্রেরি’ প্রযোজনা করেছে। এই নাটক ইতিমধ্যে সাধারণ দর্শকের প্রশংসা কুড়িয়েছে।